শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অন্তর্বর্তীকালীন সরকার: কে এই নতুন চার উপদেষ্টা?

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ৩:৫৪ পূর্বাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকার: কে এই নতুন চার উপদেষ্টা?

মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গভবন সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপদেষ্টাদের শপথ পড়াবেন।

কে এই নতুন চার উপদেষ্টা?

ওয়াহিদউদ্দিন মাহমুদ

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়াতেন। তিনি ১৯৯৬ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ছিলেন। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় শৈশব পার করা এই অর্থনীতিবিদ বাংলাদেশে এনজিওগুলোর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে অর্থায়নকারী শীর্ষ সংস্থা পিকেএসএফের সহপ্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

আলী ইমাম মজুমদার

বিএনপি সরকারের আমলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনকারী আলী ইমাম মজুমদার দেশের প্রশাসনের কর্মকর্তাদের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হন।

সেনাসমর্থিত ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় মন্ত্রিপরিষদ সচিব ছিলেন তিনি। এছাড়া তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য। প্রশাসন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত তিনি। গত এক দশকে নির্বাচন কমিশনারসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে অনেকবার তার নাম আলোচনায় এসেছে। আলী ইমাম মজুমদার ১৯৫০ সালে ভারতের ত্রিপুরায় জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে তার পরিবার কুমিল্লায় চলে আসে।

জাহাঙ্গীর আলম চৌধুরী

সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক ছিলেন। পরে তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে গ্রুপ টেস্টিং অফিসার (জিটিও) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে তিনটি ভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করেছেন। তার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদীখানের কুসুমপুর গ্রামে।

ফাওজুল কবির খান

২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনকারী ফাওজুল কবির খান সমসাময়িক আর্থসামাজিক বিষয়ে নিয়মিত নিবন্ধ লিখে থাকেন। যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রিধারী এই কর্মকর্তা সরকারি চাকরি থেকে লিয়েন নিয়ে ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন। ১৯৯৮ সালে তিনি ইডকল প্রতিষ্ঠা করেন ও ২০০৭ সাল পর্যন্ত সেখানে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে অবসর নেয়ার পর থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে।

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হলেও বিভিন্ন ঘটনায় মন্ত্রণালয় ও দপ্তরগুলো কার্যত অচল ছিল। এ অবস্থায় এগুলো দ্রুত কার্যকরের ওপর গুরুত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা। তারই অংশ হিসেবে সরকারের আকার বাড়ানো হচ্ছে।

গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারে রয়েছেন ১৬ জন উপদেষ্টা। নতুন চারজন শপথ নিলে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা হবেন ২১ জন।