শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ডেঙ্গু পরিস্থিতি: হাসপাতালে বাড়ছে রোগী

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ৯:৪৫ অপরাহ্ন আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ন
ডেঙ্গু পরিস্থিতি: হাসপাতালে বাড়ছে রোগী

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়েছেন সোহরাব আলী (৪৫)। তিনি বেড পেয়েছেন। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টি এবং হাসপাতালের চারপাশের অবস্থা দেখে স্বামী সোহরাবকে নিয়ে শঙ্কায় আছেন স্ত্রী সিরাজুম। তিনি বলেন, মুগদা-যাত্রাবাড়ী এলাকায় সব সময় ডেঙ্গুর সংক্রমণ বেশি থাকে। হাসপাতালের চারপাশ দেখে মনে হয় এখানে মশার চাষ হয়। মেঝেতেও রোগী আছে। কিন্তু মশারি টাঙানোর কোনো ব্যবস্থা নেই। ঢাকার মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে তীব্র জ্বর, বমি, পেটব্যথা নিয়ে ভর্তি হয়েছেন মোহাম্মদপুরের বাসিন্দা মনিকা কর (৩৩)। গত শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও ডেঙ্গুরোগীর চাপ বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে ডিএনসিসি হাসপাতালে। সেখানে এই সময় ৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন আছেন মোট ১৪২ জন। ঢামেক হাসপতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হন ২৪ জন, ভর্তি আছেন ১২৫ জন ডেঙ্গুরোগী। মিটফোর্ড হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৪ জন। ভর্তি আছেন ১৪০ জন। সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি আছেন ১১৯ জন রোগী; আর ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। মুগদা মেডিকেলে চিকিৎসাধীন আছেন ৮৮ জন ডেঙ্গুরোগী। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ জন।

চিকিৎসকরা জানান, হাসপাতাল ভর্তি হওয়া অধিকাংশ ডেঙ্গুরোগী শক সিনড্রোম (অতিদ্রুত রক্তচাপ ও রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া) এবং শরীরে তরল ব্যবস্থাপনার (ফ্লুইড ম্যানেজমেন্ট) জটিলতা নিয়ে হাসপাতালে আসছেন। ফলে রক্তক্ষরণ ও শরীরে পানিশূন্যতার কারণে অনেকে অচেতন হয়ে পড়ছেন। কারো কারো মৃত্যুও হচ্ছে। তাই এই সময়ে জ্বর হলে কোনোভাবেই অবহেলা না করার পরামর্শ তাদের। তবে ডেঙ্গুরোগীর চাপ কমাতে হলে মশা নিয়ন্ত্রণ জরুরি বলে মনে করেন তারা।

ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূর জাহান বেগম। গত ৮ অক্টোবর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডেঙ্গু ক্রমান্বয়ে বাড়ছে। আমাদের সব জায়গায় হাসপাতালগুলোকে সতর্ক করে দেয়া আছে, যাতে ডেঙ্গুর প্রকোপ কমানো যায়। আমরা চেষ্টা করছি সবাইকে সচেতন করতে। বিভিন্ন জায়গায় সবার সঙ্গে কথা বলছি যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা যায়।

সরকারি হাসপাতালে ডেঙ্গুরোগী ব্যবস্থাপনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুরোগীদের চিকিৎসায় গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশনা দেয়া হয়েছে। ডেঙ্গুর লক্ষণ, উপসর্গ নিয়ে আসা রোগী ভর্তির প্রয়োজন হলে ভর্তি করে নেবে। কোনো রোগী ফেরত যাবে না।

এদিকে ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে বাড়ানো হয়েছে বেড সংখ্যা। গত জুলাই মাসে ২০ শয্যার ডেডিকেডেট ডেঙ্গু ইউনিট গঠন করে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, বর্তমানে ডেঙ্গুরোগীর চাপ কিছুটা বেড়েছে। এর মধ্যে প্রতিদিন নতুন করে আরো ৩০-৩৫ জনের মতো রোগী ভর্তি হচ্ছে। মুগদা হাসপাতাল কর্তৃপক্ষও জানান, হাসপাতালে প্রতিনিয়ত ডেঙ্গুরোগী বাড়ছে। সেপ্টেম্বরের শুরু থেকে হাসপাতালে ডেঙ্গুরোগীদের চাপ বাড়তে শুরু করেছে। অধিকাংশ রোগী জ্বর, শরীরে ব্যথা বা মাথাব্যথা, পেটের সমস্যা নিয়ে আসছেন। উপসর্গ ছাড়াও কিছু রোগী আসছেন। সীমিত জনবল দিয়েই পরিস্থিতি মোকাবিলা করছে কর্তৃপক্ষ। তাই চিকিৎসক-নার্সদের ওপর কিছুটা চাপ যাচ্ছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার জানান, ঢাকার সব এলাকায় মশার ঘনত্ব ঝুঁকিপূর্ণ মাত্রার একক ব্রুটো ইনডেক্স অনেক বেশি। ঢাকায় একটা এলাকাও পাওয়া যাবে না যেখানে ব্রুটো ইনডেক্স ২০ এর কম। তিনি বলেন, গত কয়েকদিন ধরে ঢাকাসহ সারাদেশে কখনো ভারি, কখনো মাঝারি মাত্রায় বৃষ্টি হচ্ছে। থেমে থেমে বৃষ্টির প্রভাবে এডিস মশা বাড়ে। এ কারণে যেমন মশা বাড়ছে; তেমনি ভালোভাবে মশা নিয়ন্ত্রণ করতে না পারাও মশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণ। এ কারণে ডেঙ্গুও বাড়ছে। আমরা যে ফোরকাস্টিং মডেল করি তাতে অক্টোবরে ডেঙ্গু থামার কোনো লক্ষণ দেখছি না। এমনকি এ বছর নভেম্বর-ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ খুব ভালোভাবে থাকবে।

এদিকে গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডেঙ্গুর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। আর মঙ্গলবার রোগী ছিল ৯৮১ জন ও মৃতের সংখ্যা ছিল ৫। সোমবার রোগী ছিল ১ হাজার ২১৮ জন। দুজনের মৃত্যু হয়েছিল। রবিবার রোগী ছিল ১ হাজার ২২৫ জন, যা চলতি বছরের সর্বোচ্চসংখ্যক।

আর ওই দিন মৃত্যু হয়েছিল ৪ জনের। চলতি বছর (পহেলা জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯৬ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৯ হাজার ৮২২ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ১৫১ জন। আর অক্টোবরের ৯ দিনে ৮ হাজার ৮৮৪ জন রোগী ও ৩৩ জনের মৃত্যু হয়েছে।