শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মামলা বাণিজ্য: সাজানো মামলায় গণআসামি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ৯:১২ অপরাহ্ন আপডেট: ১৮ মে ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
মামলা বাণিজ্য: সাজানো মামলায় গণআসামি

বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর হতাহতের ঘটনায় দেশের অনেকে থানায় নিয়মিত মামলা হচ্ছে। হত্যা মামলা ছাড়াও হত্যার উদ্দেশে হামলার অভিযোগ করা হচ্ছে এজাহারে। থানার পাশাপাশি মামলা করা হচ্ছে আদালতেও। মামলায় অভিযোগের অভিন্ন ধরন এবং বিবাদীদের নামের তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে শুরু থেকেই। বিশেষ করে অধিকাংশ মামলার বাদীর কাছে তার করা অভিযোগের বিবাদীরা অচেনা-অজানা। সমালোচনা ও বিতর্কের মুখে অনেক মামলার বাদী আদালতে অনেক বিবাদীর পক্ষে নোটারি পাবলিক ও হলফনামা দিয়ে বলেছেন, তাকে মামলা থেকে অব্যহতি দিতে। অনেক বাদী থানায় গিয়ে পর্যন্ত লিখিতভাবে বিবাদীর ব্যাপারে অনাপত্তি জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তাকে বাদী বলছেন আসামি না ধরতে- এমন ঘটনাও রয়েছে।গায়েবি মামলা এবং গণআসামি করা হলে ন্যায়বিচার পাওয়া অনিশ্চিত এবং নিরীহ লোকজন হয়রানির শিকার হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্স এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তবুও থামছে না সাজানো মামলায় গণআসামি দেয়ার প্রবণতা। সংঘবদ্ধ চক্র মামলায় নাম দেয়া ও বাদ দেয়া নিয়ে বাণিজ্য অব্যাহত রেখেছে।

সবশেষ খিলগাঁও থানায় করা এক মামলায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ও বিজিবি মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকে আসামি করা হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে ওই মামলার বাদী লিখিতভাবে জানিয়েছেন আইনজীবী ও বিজিবি মহাপরিচালকের নাম এজাহারে তার অজ্ঞাতে দেয়া হয়েছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ ভোরের কাগজকে বলেন, এমন ধরনের মামলা হতে থাকলে জনগণের মধ্যে সন্দেহ ঢুকে যাবে যে পরিস্থিতি আগের অবস্থায়ই রয়ে গেলো কিনা। যা বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা ও আস্থার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করবে। এসবের মধ্য দিয়ে হাজার-হাজার শিক্ষার্থীর এমন রক্তক্ষয়ী আন্দোলনকে প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক উমর ফারুক বলেন, প্রকৃত আসামি চিহ্নিত না করে অন্যদের নামে মামলা করা হলে তা সাজানো মামলা হয়ে যাবে। এতে জনমনে আতঙ্ক তৈরি হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থান ও পরবর্তী সময়ে ৭০৮ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় জেলায় মামলা হচ্ছে। একেক মামলায় শত শত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখনো মামলা করা হচ্ছে। কোনো কোনো মামলায় আসামি করা হয়েছে রাজনীতিতে যুক্ত না থাকা ব্যবসায়ীদেরও। কোনো কোনো মামলায় আসামি করা হয়েছে সাংবাদিক, শিল্পী, খেলোয়াড় ও নাগরিক আন্দোলনকর্মীসহ নানা পেশার মানুষকে।

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। দেশ ছাড়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত দুই শতাধিক মামলা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই হত্যা মামলা। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ৮টি অভিযোগ দায়ের করা হয়েছে। এতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের মধ্যে সাতটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত হওয়ার ঘটনা নিয়ে। অপরটি হচ্ছে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে গণহত্যার অভিযোগ।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর খিলগাঁও এলাকায় গুলিতে এক তরুণের আহত হওয়ার ঘটনায় দায়ের মামলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নাকে আসামি করা হয়েছে। গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন গুলিবিদ্ধ আহাদুল ইসলামের বাবা মো. বাকের। গত ১৯ জুলাই খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার এলাকার শুক্কুর আলী গার্মেন্টস মোড়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ওই তরুণ।

এ মামলায় মোট ১৮০ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। তাদের মধ্যে বিজিবির ডিজিকে ৪০ নম্বর এবং জেড আই খান পান্নাকে ৯৪ নম্বর আসামি করা হয়। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে বাদী ২১ অেিক্টাবর থানায় লিখিতভাবে জানিয়েছেন আইনজীবী জেড আই খান পান্নার ব্যাপারে তিনি অবগত নন। তার নাম অভিযোগ থেকে প্রত্যাহার করে নিচ্ছেন। একইভাবে বিজিবি মহাপরিচালকের নামও এজাহার থেকে প্রত্যাহার করে নিয়েছেন এই বাদী।

শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট কুড়িগ্রাম শহরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছিলেন উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১৮ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়। আহত হওয়ার ২৮ দিন পর ১ সেপ্টেম্বর সেখানে তার মৃত্যু হয়।

পরে এ ঘটনায় মোট ৩ সাংবাদিকসহ ১০৪ জনকে আসামি করে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও কুড়িগ্রাম সরকারি কলেজের রহুল আমিন নামের এক শিক্ষার্থী মামলা করেন। যে তিন সাংবাদিককে আসামি করা হয় তারা হলেন- কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, কালের কণ্ঠ ও ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবদুল খালেক (ফারুক), নিউজ২৪ টিভি ও দৈনিক সংবাদের কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির (সূর্য) এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর।

এ বিষয়ে কুড়িগ্রামের সমন্বয়ক কে এম নাজমুস সাকিব শাহী বলেন, আন্দোলনের শুরু থেকে যারা যুক্ত ছিলাম ও নেতৃত্বে ছিলাম, তাদের সবাইকে চিনি। আসামি তিন সাংবাদিকই আন্দোলনে সমর্থন দিয়ে আসছিলেন। যদিও বাদী রহুল আমিন সাংবাদিককে আসামি করার বিষয়ে কোনো সদুত্তর দেননি।

গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মাজেদের বড় ছেলে শাহীন। যাত্রাবাড়ী থানায় ৭ সেপ্টেম্বর নিহত শাহীন হাওলাদারের স্ত্রী স্বপ্না আক্তার বাদী হয়ে মামলা করেন। শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৮৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে এই মামলা হয়।

মামলায় পটুয়াখালীর বাউফলের বাসিন্দা বর্তমানে কানাডায় অবস্থানকারী হাসিব আহম্মেদ তালুকদারকে ১৮ নম্বর ও বাংলাদেশে অবস্থানকারী তার ভাই আশিকুর রহমানকে ৪৬ নম্বর আসামি করা হয়। হাসিব আলম তালুকদার বিদেশে অবস্থান করেও কীভাবে হত্যা মামলার আসামি হলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। নিহত শাহীনের বড় চাচা সাদেক হাওলাদার বলেন, নিহত শাহীনের স্ত্রী স্বপ্না আমাকে বলেছে, এত মানুষ সে আসামি করেনি। এক উকিল ভুল বুঝিয়ে স্বপ্নার স্বাক্ষর নিয়ে তার মনের মতো আসামি করে মামলা দিয়েছে। শুনেছি মামলায় বরিশাল ও পটুয়াখালীর অনেককে জড়িয়েছে। এসব বিষয়ে আমরা কেউ জানি না। তিনি বলেন, এজাহারে স্বপ্নার মোবাইল নম্বরও ভুল দিয়েছে যেন বাদীকে খুঁজে না পায়।

নিহত শাহীনের স্ত্রী স্বপ্না বলেন, আমি মামলায় ৪ জনকে আসামি করেছি। কিন্তু একজন উকিল আসছিল, সে আমার কাছ থেকে স্বাক্ষর নিয়ে দেড় থেকে দুই হাজার আসামি করেছে। তার সঙ্গে যাদের বিরোধ তাদেরকেও আসামি করেছে। স্বপ্না বলেন, আমি স্বামী হত্যার বিচার চাই। কিন্তু আমার স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে নির্দোষকে ফাঁসানো ও নতুন কোনো রাজনীতি চাই না। স্বপ্না মামলার আইনজীবীর নাম বলতে না পারলেও তার যে মোবাইল নম্বর দিয়েছেন সেটি বন্ধ পাওয়া যায়। মামলার আসামি লন্ডন প্রবাসী হাসিব আলম বলেছেন, ‘আমি গত ২৪ জুলাই দেশত্যাগ করি এবং ২৫ জুলাই কানাডা চলে আসি। বর্তমানে আমি এখানে অবস্থান করছি। অথচ আমাকে মামলায় আসামি করা হয়েছে। আসামি করা হয়েছে আমার ছোটভাই আশিককেও। মামলায় প্রকৃত আসামিদের পাশাপাশি উদ্দেশ্যমূলক কিছু আসামি করা হয়েছে। আমি মামলার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

গত ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরের শাহ আলী প্লাজা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইকরামুল হক সাজিদ। ৭ সেপ্টেম্বর ইকরামুলের বাবা মো. জিয়াউল হক বাদী হয়ে ৭৩ জনের বিরুদ্ধে মামলা করেন, যার মধ্যে ৪ জন কক্সবাজারের বাসিন্দা। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি আরো ১০০-১৫০ জন। এর মধ্যে কক্সবাজারের বাসিন্দা মামলার ৫৪ নম্বর আসামি মিজানুর রহমান মাতব্বর (৫৫), তার চাচাতো ভাই ২৯ নম্বর আসামি জিয়াউর রহমান (৪৫), ভাতিজা ৪১ নম্বর আসামি মো. কামাল (৪৩) এবং ৬২ নম্বর আসামি নাজমুল হোছাইন (৩৪)।

তবে মিজানুর রহমান ও জিয়াউর রহমান গণমাধ্যমকে বলেন, আমাদের ৪ জনকে আসামি করা হয়েছে, অথচ ঘটনার দিন কেউই ঢাকায় ছিলাম না। সেদিন আমরা চট্টগ্রাম, কক্সবাজার ও চকরিয়ায় ছাত্রদের সমর্থনে আন্দোলনে ছিলাম। তারা জানান, তাদের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক বিন সিদ্দিকী ১৬ বছর আগে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে এলাকাছাড়া করেন। এর পর থেকে তারা অন্য এলাকায় থাকেন। পূর্বশত্রুতার জেরে বাদী জিয়াউল হককে দিয়ে তারেক বিন সিদ্দিক কাফরুল থানায় করা হত্যা মামলায় তাদের আসামি করিয়েছেন। ওই মামলার অন্যতম সাক্ষী মো. তরিকুল ইসলাম বলেন, মামলার সাক্ষী হিসেবে তার নাম কীভাবে এসেছে, সেটি তিনি জানেন না।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুরগ্রামের বাসিন্দা আবুল হোসেন ও তার বড় ভাই সাইফুলকে অস্ত্র এবং নাশকতার মামলায় আসামি করা হয়েছে। এখন তারা বাড়ি ছেড়ে অন্যত্র থাকছেন। কলা ব্যবসায়ী আবুল হোসেন বলেন, পূর্বশত্রæতার জেরে আমাকে ব্যবসা থেকে বিতাড়িত করতে ওই মামলায় আমার ও ভাইয়ের নাম দেয়া হয়েছে। পুরো এলাকাবাসী জানে আমাদের পরিবার কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়।

আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন মো. হৃদয় (২০) নামের এক যুবক। এই হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে স্থানীয় ৫ জন সাংবাদিককেও আসামি করা হয়। জানতে চাইলে মামলার বাদী মো. ইব্রাহীম বলেন, তিনি ওই সাংবাদিকদের কাউকে চেনেন না। যে দোকান থেকে মামলার এজাহার টাইপ করা হয়েছে, সেখান থেকে তাদের নাম দেয়া হতে পারে বলে মনে করছেন তিনি।

ঢাকার মিরপুর মডেল থানাসংলগ্ন মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে ৫ আগস্ট গুলিতে আহত হয়ে পরে মারা যায় রিতা আক্তার (১৭)। এ ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী ও পুলিশসহ ৩৯৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে মিরপুর-১ নম্বরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী আফরোজ উদ্দিন ও শাহ আলী থানার ডি-ব্লকের বাসিন্দা কাজী জয়নালের নামও রয়েছে। তবে ব্যবসায়ী আফরোজ উদ্দিনের দাবি, তাকে ফাঁসানো হয় তার ভাইয়ের হত্যা মামলা তুলে না নেয়ার কারণে। তিনি বলেন, ২০০৫ সালে চাঁদার জন্য শীর্ষ সন্ত্রাসী শাহাদতের নেতৃত্বে দুর্ধর্ষ সন্ত্রাসীরা তার বড় ভাই ব্যবসায়ী আফতাব উদ্দিনকে গুলি করে হত্যা করে। ভাইয়ের হত্যা মামলার আসামিরাই তাকে রিতা হত্যা মামলায় ফাঁসিয়েছে।

ঢাকার মিরপুর ২ নম্বর সেকশনের বাসিন্দা পেশায় রিকশাচালক মো. আশরাফ আলী বলেন, তার মেয়ে রীতা আক্তার গত ৫ আগষ্ট নিহত হয়েছে। এর পর বিএনপির লোকেরা থানায় ছিলেন। তারা আসামির তালিকা ঠিক করেছেন। তার দাবি, আমাকে সই করতে বলেছে, তখন আমি সই করেছি। আসামি যে কতজন হয়েছে, তা আমি সঠিকভাবে বলতে পারব না।

আসামির তালিকায় থাকা আফরোজ ও কাজী জয়নালকে চেনেন কিনা- এমন প্রশ্নে আশরাফ বলেন, ‘আমি চিনব কীভাবে। বিএনপির লোকজন আমাকে কিছু টাকাপয়সা দিছিল, তারাই তো মামলায় নাম ঢুকাইছে। ভালোমন্দ সবাই মামলায় ঢুইক্যা গ্যাছে। আমি সাক্ষ্য দিয়ে নির্দোষ লোকদের বাঁচাতে চাই।’ মিরপুর-১০ নম্বরে ১৮ জুলাই নিহত হন সিয়াম সরদার। এই ঘটনায় করা মামলায় অন্যদের সঙ্গে আসামি করা হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি সৈয়দ দেলোয়ার হোসেনকেও।

তিনি বলেন, রাজনীতিতে তাকে পিছিয়ে রাখতে নিজ দলেরই কেউ তার নাম আসামির তালিকায় দিয়েছে। ধানমন্ডিতে ১৯ জুলাই নিহত হন ক্ষুদ্র ব্যবসায়ী মো. শুভ। এ মামলায় আসামি করা হয়েছে ঘটনার আগে থেকে (২৮ জুন) অস্ট্রেলিয়ায় থাকা মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীকে। কী কারণে তাকে আসামি করা হলো, তা তার স্বজনেরা বুঝতে পারছেন না।

মিরপুর-১০ নম্বরে ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে আসিফ ইকবাল নিহত হওয়ার ঘটনায় করা মামলায় আসামি করা হয় ব্যবসায়ী মো. জালালকে। তিনি দাবি করেন, মিরপুরে একটি বিপণিবিতানের কমিটির বিরোধকে কেন্দ্র তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

রাজধানীর উপকন্ঠ নারায়ণগঞ্জেই এমন আরো ৫টি মামলা পাওয়া গেছে। যাতে অন্তত ৭ জন ব্যবসায়ীকে আসামি করা হয়। তাদের বিষয়ে অনুসন্ধান করে জানা গেছে, এর মধ্যে দুটি হত্যা মামলা আড়াইহাজার থানার। মামলা দুটিতে আসামি করা হয়েছে বৃহৎ রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফকির গ্রুপের তিনজনকে। তারা হলেন- ফকির নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামান ও উপব্যবস্থাপনা পরিচালক ফকির মাশরিকুজ্জামান নিয়াজ ও ফকির ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ। উভয় মামলায় ঢাকার বাইরের একজন পরিবহন ব্যবসায়ীকেও আসামি করা হয়। মামলা দুটির এজাহারের বর্ণনা প্রায় একই। দুই এজাহারেই এসব ব্যবসায়ীর নামের ক্রমিকও একই।

গত ৫ আগস্ট সরকার পতনের পর ভাসানটেক থানা এলাকায় বিজয় মিছিল করতে গেলে গুলিবিদ্ধ হয়ে ফজলু মারা যান। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর নিহত ফজলুর ভাই সবুজ বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৬৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শুকুর আলী শুভ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সহসভাপতি মঞ্জুরুল বারী নয়নসহ অনেককে আসামি করা হয়েছে।

এসব আসামির ব্যাপারে বাদী অবগত নয় বলে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা দাবি করেছেন। গত ৪ আগস্ট গোলাপগঞ্জে পৃথক ঘটনায় মারা যান ৭ জন। পৌর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ঘোষগাঁওয়ের মোবারক আলীর ছেলে গৌছ উদ্দিন। এ ঘটনায় ২০ আগস্ট থানায় মামলা হয়। মামলার বাদী গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম। মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ ১৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয় আড়াইশ জনকে। এজাহারে বলা হয়, ঘটনার সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সন্ত্রাসী, পুলিশ ও বিজিবি সদস্যরা গুলি করেছেন। কিন্তু পুলিশের কোনো সদস্যকে আসামি করা হয়নি। বিষয়টি ফেসবুকের মাধ্যমে মামলার বাদী রেজাউল করিম জানতে পারেন। তিনি মামলা দায়েরের বিষয়টি অস্বীকার করেন বলেন, স্বাক্ষর জাল করে থানায় মামলা দিয়ে বিভিন্ন ব্যক্তিকে হয়রানি করা হচ্ছে। তিনি মামলাটি প্রত্যাহারের আবেদন করবেন বলেও জানান।

এ ব্যাপারে গৌছ উদ্দিনের বড় ভাই আবুল কালাম বলেন, ভাতিজা বাদী হয়ে মামলা করেছে, এমন খবর পেয়ে আমরা হতবাক হয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি এক নারী ৩ সন্তান ও এক নারী চার সন্তান নিয়ে তাদের বাড়িতে হাজির হয়েছেন। তারা জানান, তাদের স্বামীকে এই মামলায় আসামি করা হয়েছে। তাদের জানাই, এ মামলা আমরা করিনি। আমাদের পরিবারের পক্ষ থেকে তাদের কোনো ক্ষতি হবে না বলেও জানিয়ে দেয়া হয়। আবুল কালাম জানান, তার ভাতিজাকে ফুঁসলিয়ে মামলাটি করা হয়েছে। তবে কারা মামলাটি করিয়েছে, তা তিনি বলতে অপারগতা প্রকাশ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গ্রেপ্তার হয়ে কারাগারে থেকেও খুনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি হয়েছেন সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বিএনপি নেতা মোজাম্মেল হোসেনকে গত ১৭ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ। ১৮ জুলাই নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ ২০২২ সালের ৩০ নভেম্বরের একটি গায়েবি নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়।

এরপর ৬ আগস্ট মোজাম্মেল হোসেন কারাগার থেকে মুক্তি পান। এদিকে গত ২১ জুলাই হিরাঝিল এলাকায় চলমান ছাত্র আন্দোলনে গিয়ে গুলিতে রফিকুল ইসলাম (২৪) নামে একজন নিহত হন। এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে গত ১৫ অক্টোবর নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মোজাম্মেল হোসেনকে ৪০ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া শেখ হাসিনাকে প্রধান আসামি করে দৈনিক যুগান্তরের গাজীপুর দক্ষিণ সাব্বির আহমেদ সুবীর ও বাঞ্ছারামপুর প্রতিনিধি সনি আক্তার সুচিসহ ১০৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০০/১২০ জনকে আসামি করা হয়েছে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

গত ৫ আগস্ট সিলেট বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের বিভিন্ন ভবনে আগুন দেয়া হয় ও ভাঙচুর করা হয়। এ সময় গুলিবিদ্ধি হয়ে প্রাণ হারান তিনজন, আহত হন অন্তত ৬০ জন। এদিনের ঘটনায় ২০ আগস্ট থানায় একটি মামলা হয়। এতে প্রবাসী, সাংবাদিক, আওয়ামী লীগের ৭৫ নেতাকর্মী ও অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করা হয়। এতে আশ্চর্য হন মামলার বাদী নিহত তারেকের মা ইনারুন নেছা। তিনি বলেন, সাহায্য দেয়ার নাম করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মামলা করা হয়েছে। মামলা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন। মামলার আসামির তালিকায় আছেন বিদেশে অবস্থান করা ৯ জন। আছেন স্থানীয় সাংবাদিকও। ৬৭ জনের নাম উল্লেখ করে ২৭ আগস্ট গোয়াইনঘাটের মাতুরতল ফেনাই গ্রামের বাসিন্দা আব্দুন নুর বিলালের নাম ব্যবহার করে একটি মামলা হয়েছে। ৫ আগস্ট সোনারহাট বিজিবি ক্যাম্পের সামনে আনন্দ মিছিলে হামলা ও গুলি চালিয়ে বিলালের ছেলে সুমন মিয়াকে হত্যার অভিযোগে আদালতে এ মামলা করা হয়।

অথচ এ মামলার বিষয়ে কিছু জানেন না বাদী বিলাল। মামলায় আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ইমাম উদ্দিন সাদেক, গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলামসহ ১৫০ জনকে। সীমান্তবর্তী এলাকায় ঘটনা ঘটলেও এই মামলায় আসামি করা হয়েছে দৈনিক বাংলার সিলেট প্রধান ও ইমজার সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ দেবুকে। তার সাংবাদিকতা পেশা গোপন করে গণজাগরণ মঞ্চের সংগঠক উল্লেখ করা হয়। এছাড়া বিভিন্ন পেশার লোকজনকে মামলায় আসামি করা হয়েছে। এর আগে চ্যানেল আই প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, সাংবাদিক ওলিউর রহমানসহ অনেককে হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফকির গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০ হাজারের মতো কর্মী রয়েছেন। তাদের তৈরি পোশাক কারখানার ঝুটসহ বিভিন্ন পরিত্যক্ত মালামালের ব্যবসা করেও অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এটি আগে স্থানীয় আওয়ামী লীগের নেতারা নিয়ন্ত্রণ করতেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির একাধিক পক্ষ এ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে সক্রিয় হয়। একপর্যায়ে আড়াইহাজার এলাকায় প্রভাবশালী বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন নেতা বড় অঙ্কের অর্থ দাবি করে বলেও অভিযোগ আছে। এর জেরে প্রতিষ্ঠানটির শীর্ষ ব্যক্তিদের নামে আড়াইহাজার থানার দুটি হত্যা মামলায় জড়ানো হয়। ফকির ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ বলেন, আমরা ব্যবসায়ী। আমাদের পরিবার কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন ও হয়রানি করার উদ্দেশে আমাদের হত্যা মামলায় আসামি করা হয়েছে। আরো মামলায় জড়ানোর হুমকি ধমকি দেয়া হচ্ছে।

মামলা দুটির মধ্যে একটি হলো বিএনপির কর্মী সফিকুল ইসলাম হত্যা মামলা। তাকে গত ১৯ জুলাই কুপিয়ে হত্যা করা হয়। তার স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে ২১ আগস্ট আড়াইহাজার থানায় মামলা করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। সেখানে ১০-১৩ নম্বর ক্রমিকে এই চার ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয়। মামলায় এসব ব্যবসায়ীর নাম কে বা কারা দিয়েছেন, সেটা স্বীকার করেননি তাছলিমা আক্তার। তার দাবি, জেনে-বুঝেই মামলা করেছেন তিনি।

আড়াইহাজার থানার অপর মামলার খোঁজ নিতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়াকে হত্যার অভিযোগ এনে ২২ আগস্ট মামলাটি করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এতে বলা হয়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সচেতন নাগরিক হিসেবে অংশ নেন বাবুল। সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে বাবুল মিয়াকে কালীবাড়ি বাজার থেকে উঠিয়ে নিয়ে দুপ্তারা ঈদগাহ মাঠে হত্যা করা হয়।

অথচ বাবুলের মৃত্যুসনদ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিনি মারা গেছেন ৩ জুন। তার মৃত্যুতে বিএনপির মহাসচিব তখন শোকবার্তাও পাঠিয়েছিলেন। নিহত বাবুলের পরিবার ও এলাকাবাসী জানান, গত ১১ ফেব্রুয়ারি সকালে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ছোট ভাই নাজমুল হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা বাবুলকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। এরপর ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ৩ জুন উপজেলার গিরদা-পশ্চিমপাড়া-চৌধুরীপাড়া কবরস্থানে বিএনপির নেতা বাবুলের মরদেহ দাফন করার বিষয়টি নিশ্চিত করেছেন কবরস্থানের তত্ত্বাবধায়ক সেলিম মিয়া। কেবল তাই নয়, ৩ জুন ৪৯ বছর বয়সী বাবুলের মৃত্যু হয়েছে বলে মৃত্যুসনদ দেয় রূপগঞ্জের ভুলতায় এলাকায় অবস্থিত ডিকেএমসি হাসপাতাল লিমিটেড। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সাজানো মামলা করতে রাজি হয়নি বাবুলের পরিবার। এ কারণে পরিবারটির কাউকে মামলায় সাক্ষীও করা হয়নি।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকা জেলার সাভার পৌর এলাকার আম্বিয়া খাতুন অভিযোগ করেছেন। তার বাবা হাবেজুদ্দিন (৫৯) ৫ আগস্ট সন্ধ্যায় সাভার থানার অদূরে আহত হয়েছেন উল্লেখ করে তিনি ৮৭ জনকে আসামি করেছেন। আদালত সাভার মডেল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অবশ্য থানা পুলিশ বলছে, এই অভিযোগ থানা থেকে ফেরত দেয়ার পর বাদী আদালতে গিয়েছে। বিবাদীদের কাউকে চিনেন না বাদী। সাভার আনন্দপুর মহল্লার জেসমিন বেগম বাদী হয়ে ৬ অক্টোবর ৫৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন সাভার থানায়। তার ছেলে আলামীন ৫ আগস্ট সাভার থানা রোড মুক্তির মোড়ে গুরুতর আহত হয়েছে।

তবে বাদী চিনেন না বিবাদীদের। কয়েকজন লোক তার থেকে স্বাক্ষর নিয়ে থানায় জমা দিয়েছেন বলে দাবি করেন জেসমিন। সাভার পৌর এলাকার ইমান্দিপুরের বাসিন্দা মাহমুদুল হক রাহাত ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলায় ৯৮ জনকে বিবাদী করেছেন। তিনি আহত হয়েছেন বলে উল্লেখ করেছেন। কিন্তু বিবাদীদের তিনি সামনাসামনি দেখননি এবং অনেককে চিনেন না বলে জানিয়েছেন। কয়েকজন লোক তাকে বিবাদীদের ব্যাপারে অভিযোগ করতে বলেছেন এবং থানা মামলা না নেয়ায় আদালতে অভিযোগের ব্যবস্থা করে দিয়েছেন বলে তার ঘনিষ্টরা জানিয়েছেন।