বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৪ সমঝোতা সই

রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ স্বাক্ষর সম্পন্ন হয়।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পাকিস্তানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রথা বিলোপ এবং বাণিজ্য বিষয়ক যৌথ কার্যক্রম গোষ্ঠী গঠন অন্তর্ভুক্ত রয়েছে।
বৈঠকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এবং মুক্তিযুদ্ধ আগে পশ্চিম পাকিস্তানে স্থানান্তরিত সম্পদের হিস্যা নিষ্পত্তির বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করে।
উল্লেখ্য, শনিবার (২৩ আগস্ট) দুপুরে দুদিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি ঐদিন বিকেলে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। রোববার সন্ধ্যায় তার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গুলশানের বাসায় যাওয়ার কথা রয়েছে।

