মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে ঢাকার এক জনসভায় দেওয়া বক্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বক্তব্যটি মিথ্যা ও মানহানিকর দাবি করে ১৫ দিনের মধ্যে তা প্রত্যাহার এবং মন্ত্রীর কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সহ-দপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুর রহমান মিশন ভূঁইয়ার পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত (সম্রাট) এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, সম্প্রতি ঢাকার একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘এই যে সন্ত্রাসী গোষ্ঠী আছে... জায়গায় এ্যানি চৌধুরীর ফোন কল যায় না, যে আমারে টাকা পাঠায়।’

নোটিশে ওই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। গত ৩০ অক্টোবর চ্যানেল ২৪সহ বিভিন্ন গণমাধ্যম, অনলাইন নিউজপোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি প্রচারিত হয়। এতে মন্ত্রীর ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার বিরুদ্ধে এ ধরনের বক্তব্য ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির অপরাধের পর্যায়ে পড়ে বলে নোটিশে দাবি করা হয়েছে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার এবং শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না করলে প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।