মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ-মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর জানাজা ও গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
বুধবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে প্রথমে বিক্ষোভ মিছিল ও পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মনসুর আলী সরকার। এ ছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবুল বাশার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব শহিদুল হক, দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, শিবালয় উপজেলা কমান্ডার জালাল উদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মনসুর আলী সরকার বলেন, মৃত মানুষের দাফন নিয়েও রাজনীতি করে জামায়াত। আপনারা বলেন, কোরআন ও হাদিস অনুযায়ী দেশ পরিচালনা করবেন। আপনাদের কপাল ভালো, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এখনো আপনাদের এ দেশে বিচরণ করার সুযোগ দিয়েছেন। আজ প্রতিবাদ করছি, এরপর আর প্রতিবাদ নয়, হবে প্রতিরোধ। আপনারা পালানোর জায়গা পাবেন না।

