বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

শাহজাদপুরে শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ, প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক — শাহজাদপুর, সিরাজগঞ্জ
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন আপডেট: ৪ নভেম্বর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
শাহজাদপুরে শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ, প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুরে শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৪ নভেম্বর) সকালে কায়েমপুর মাস্টার আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নিয়ে দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ না করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন কায়েমপুর গ্রামের মাওলানা রফিকুল ইসলাম, কাজল শেখ, নজরুল ইসলাম, হাফিজা বেগম ও বিলকিস খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় একশ বছর ধরে কায়েমপুর মাস্টার আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে পূর্বদিকে বিস্তৃত একটি রাস্তা স্থানীয় জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। এ রাস্তা দিয়ে শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করেন। পাশাপাশি কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহনে যানবাহন চলাচলের জন্যও রাস্তাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিরাপত্তার বাহানা করে দীর্ঘদিন ধরে জনসাধারণের ব্যবহৃত এ রাস্তাটি হঠাৎ করেই বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের সম্মুখভাগে রাস্তার পশ্চিম পাশে গেট নির্মাণ করা হলে স্থানীয় বাসিন্দাদের চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানানো হলে খেলার মাঠে দেয়াল ও গেট নির্মাণের কাজ সাময়িকভাবে স্থগিত করা হয় বলে জানান এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে মাওলানা রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের বর্তমান ভবনটি খাসজমির ওপর অবস্থিত এবং জনসাধারণের চলাচলের রাস্তাটিও খাসজমির অন্তর্ভুক্ত। প্রায় একশ বছর ধরে এলাকার মানুষ এ রাস্তা ব্যবহার করে আসছেন। বিদ্যালয়ের জমির মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সত্ত্বেও জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অন্যদিকে, রাস্তা বন্ধ করে গেট নির্মাণের বিষয়ে কায়েমপুর মাস্টার আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা পারভীন বলেন, জায়গাটি বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। বিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে সেখানে গেট নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের জন্য বিকল্প রাস্তা রয়েছে বলেও তিনি দাবি করেন।