চট্টগ্রামের চন্দনাইশে ব্রিজের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রিজের পাশ থেকে মোহাম্মদ হাশেম (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার গাছবাড়ীয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজের পাশে লাশটি পড়েছিল।
মো. হাশেম উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাদশারপাড়ার বানু মিয়ার ছেলে।
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজের পাশে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মেরে কেউ এখানে ফেলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

