নড়াইলে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নড়াইল সদর উপজেলায় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বাবুল শেখ (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৬ নভেম্বর) সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের রামসিদ্ধি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবুল শেখ নড়াইল কালিয়া উপজেলার বাঁশগ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই তোফায়েল হোসেন ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ জেলার সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের রামসিদ্ধি গ্রামে অভিযান চালিয়ে ভাই ভাই ট্রেডার্স এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে বাবুল শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন,'এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।'

