নোয়াখালীতে গ্রাজুয়েটস সোসাইটি চাপরাশিরহাট জোন এর উদ্যোগে কৃতি সংবর্ধনা

"ঐক্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে আমরা একসাথে" এই স্লোগানে এবং শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি, উৎসাহ প্রদান ও উচ্চশিক্ষার সঠিক দিকনির্দেশনা দেওয়ার প্রত্যয়ে গ্রাজুয়েটস সোসাইটি, চাপরাশিরহাট জোন এর উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় নোয়াখালী কবিরহাট উপজেলার ঐতিহ্যবাহী চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ক্যারিয়ার গাইডলাইন দিতে এ আয়োজন করা হয়।
গ্রাজুয়েটস সোসাইটি চাপরাশিরহাট জোনের সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান শিহাবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আরেফিন রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ডক্টর ফখরুদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মিজানুর রহমান শিহাব, চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রী কলেজের প্রিন্সিপাল শরিফুল আজম, চাপরাশিরহাট এরব সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শহীদ উদ্দিন।
অনুষ্ঠানের আহবায়ক ওয়ালিউদ্দিন শামীম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রাকিব উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফখরুদ্দীন, ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ মামুন, কবিরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক নুরুল হক মিলন, নোয়াখালী সরকারি মহিলা কলেজ প্রভাষক মোঃ ফখরুল ইসলম, সাংবাদিক নুর আলম বিপ্লব, নোয়াখালী টিভির প্রতিষ্ঠাতা ও পরিচালক হামিদ রনি।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক, অ্যাডভোকেট, বিসিএস ক্যাডার, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের অধ্যক্ষ, শিক্ষাবিদ, সুধীজন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। পাশাপাশি এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত গুণীজনদের মূল্যবান বক্তব্য, অভিজ্ঞতা বিনিময় এবং উচ্চশিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
অনুষ্ঠানে আগত অতিথিরা জানান, আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন শুধু শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে না বরং আগামী দিনের যোগ্য, দক্ষ ও আলোকিত প্রজন্ম গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রাজুয়েটস সোসাইটির এমন আয়োজন প্রশংসার দাবি রাখে।
এদিকে আয়োজক কর্তৃপক্ষ জানান, চাপরাশিরহাট ও আশপাশের এলাকার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এবং তাদের আগামী দিনের জন্য ক্যারিয়ার গাইডলাইন দিতেই মূলত এ আয়োজন করা হয়। আগামীতে আরও বড় পরিসরে আমাদের বিভিন্ন আয়োজন অব্যাহত থাকবে।

