পোশাক শ্রমিকদের মজুরি সর্বনিম্ন ৩২, সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব

দেশের পোশাক খাতের সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নতুন মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। প্রস্তাবে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশদের ৩০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া গ্রেড অনুযায়ী সর্বোচ্চ বেতন ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবও দিয়েছেন তারা।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
তিনি জানান, সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে এবং বোর্ড তা গ্রহণ করেছে। তবে কিছু সমস্যার কথা উল্লেখ করে মালিকপক্ষের প্রতিনিধিরা প্রস্তাব জমা দিতে সাত কর্মদিবস সময় চান।
পরে আলোচনা সাপেক্ষে মালিকপক্ষকে লিখিত প্রস্তাব জমা দেওয়ার জন্য চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষ লিখিত প্রস্তাব জমা না দিলে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের কাজ এগিয়ে নেবে বোর্ড।

