সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বরগুনায় মানববন্ধন, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার ঠিকাদার

অনলাইন ডেস্ক — বরগুনা
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ৩:১৫ অপরাহ্ন আপডেট: ৯ নভেম্বর ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
বরগুনায় মানববন্ধন, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার ঠিকাদার

নির্মাণসামগ্রীর বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন রেট শিডিউল প্রকাশের দাবিতে বরগুনায় মানববন্ধন, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার ঠিকাদাররা। নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত এলজিইডিসহ বিভিন্ন সরকারি দপ্তরের মেইনটেন্যান্স ও চলমান সব টেন্ডার বয়কটের ঘোষণা দিয়েছেন তাঁরা।

নির্মাণসামগ্রীর ঊর্ধ্বমুখী বাজারমূল্য। অথচ সরকারি কাজের ক্ষেত্রে এখনো কার্যকর রয়েছে পুরোনো রেট শিডিউল। এতে আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়ছেন ঠিকাদাররা। এমন অভিযোগ তুলে নতুন রেট শিডিউল প্রকাশের দাবিতে সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তাঁরা। এতে এলজিইডি, শিক্ষা অধিদপ্তর, গণপূর্ত, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কাজের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদাররা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, বর্তমান বাজারদরের সঙ্গে পুরোনো রেট শিডিউলের সামঞ্জস্য না থাকায় কাজ করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। তাই নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত চলমান দরপত্র স্থগিত অথবা বিধি অনুযায়ী বাতিলের দাবি জানান তাঁরা।

মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন ঠিকাদাররা। এতে নতুন রেট শিডিউল ও সংশ্লিষ্ট বিধিমালা কার্যকর না হওয়া পর্যন্ত এলজিইডির আহ্বান করা দরপত্রগুলো স্থগিত অথবা বিধি অনুযায়ী বাতিলের অনুরোধ জানানো হয়।

পরে বয়কট কর্মসূচির ধারাবাহিকতায় দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলার বিভিন্ন পর্যায়ের ঠিকাদাররা অংশ নেন। সভায় মেইনটেন্যান্স ও সব ধরনের টেন্ডার বয়কট, ঠিকাদারদের স্বার্থ রক্ষা এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। ঠিকাদারদের দাবি, বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন রেট শিডিউল প্রকাশ করা হলে নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি ঠিকাদারদের আর্থিক ঝুঁকিও কমবে। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।