শেখ হাসিনার নামে আবেদন, অনুমোদনের প্রমাণ পায়নি হাইকমিশন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন পাওয়ার কথা জানিয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন। তবে আবেদনটি আদৌ শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত নয় হাইকমিশন।
সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে হাইকমিশন জানায়, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে এ–সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছে তারা।
বিবৃতিতে বলা হয়, ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। তবে অনুরোধটি সত্যিই শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। কারণ, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা তাঁর পক্ষে আবেদন করার কোনো প্রমাণপত্র দেওয়া হয়নি।
হাইকমিশন আরও জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে পাওয়া ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

