মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, হত্যার অভিযোগে ৪৫৭টি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, হত্যার অভিযোগে ৪৫৭টি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগে ৪৫৭টিসহ মোট ৬৭৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। সম্প্রতি তাঁর পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচারকাজ শুরুর প্রথম দিন, ২০২৪ সালের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এরপর ২০২৫ সালের ১৭ নভেম্বর ওই মামলার রায় ঘোষণা করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদনও করেছে বাংলাদেশ পুলিশ। ২০২৫ সালের এপ্রিলে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে এ আবেদন করে। তবে এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়নি।