খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন, জড়িত সন্দেহে আটক ৬

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে দলীয় কার্যালয়ে আগুন দেখতে পান বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গুইমারা থানা পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কার্যালয়টি পুড়ে যায়।
দলীয় কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ ইউনিয়ন বিএনপির নেতারা। তাঁদের নেতৃত্বে রাতেই বড়পিলাকে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মীদের দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, ১০ নভেম্বর ধর্মঘট ডেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের পরিকল্পনার অংশ হিসেবে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

