মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী ওয়েঙ্গার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী ওয়েঙ্গার

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দীর্ঘদিনের নেতৃত্বে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন আর্সেনালের সাবেক কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন ৭৭ বছর বয়সী এই ফরাসি ফুটবল ব্যক্তিত্ব। ইউরোপের শীর্ষস্থানীয় ফুটবল কর্মকর্তাদের একটি অংশও তাঁকে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী।

মঙ্গলবার (১০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে ফিফার গ্লোবাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়েঙ্গার। তাঁর বয়সের কারণে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে প্রশ্ন থাকলেও ঘনিষ্ঠ সমর্থকদের কয়েকজন জানিয়েছেন, নির্বাচনে জয়ী হওয়ার পর পূর্ণ চার বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি দায়িত্ব ছাড়লে তাঁদের আপত্তি নেই।

২০১৬ সাল থেকে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ৫৬ বছর বয়সী সুইস নাগরিক জিয়ান্নি ইনফান্তিনো। তবে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক সময়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। প্রবল বিরোধিতার মুখে শেষ পর্যন্ত ফিফা ওই পরিকল্পনা থেকে সরে আসে।

তবে সমালোচনা সত্ত্বেও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার ফুটবল প্রশাসকদের মধ্যে ইনফান্তিনোর উল্লেখযোগ্য সমর্থন রয়েছে। তিনি নিজেও দাবি করেছেন, বিশ্ব ফুটবলের ‘বিশাল, বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশের’ সমর্থন তাঁর সঙ্গে আছে।

অন্যদিকে, ওয়েঙ্গার নির্বাচনে প্রার্থী হলে ইনফান্তিনোর বিরোধীদের সামনে শক্তিশালী বিকল্প তৈরি হতে পারে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর। কারণ, ফিফার বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনার বিরোধিতায় উয়েফা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিশ্ব ফুটবলে ওয়েঙ্গারের দীর্ঘ অভিজ্ঞতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও তাঁর প্রার্থিতার পক্ষে কাজ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একসময় ইনফান্তিনোর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন ওয়েঙ্গার। তবে ফিফার বাণিজ্যিক অংশীদারত্বের বিতর্কিত পরিকল্পনা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। সে সময় ওয়েঙ্গার বলেছিলেন, ওই কৌশলগত পরিকল্পনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই প্রথমবার প্রকল্পটি সম্পর্কে জানতে পেরেছিলেন।

পরিকল্পনাটি প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন করে ওয়েঙ্গার বলেছিলেন, সিদ্ধান্তটি একেবারেই প্রয়োজনীয় ছিল। তাঁর বিশ্বাস, ফিফা হবে একটি স্বাধীন প্রতিষ্ঠান, যা নিষ্ঠা, স্বচ্ছতা ও সততার সঙ্গে ফুটবলের সেবা করবে।

তবে এখনো নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ওয়েঙ্গার। তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা ও ভাবনাচিন্তা চলছে। আগামী ১৮ নভেম্বরের মধ্যে ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীদের প্রার্থিতা জমা দেওয়ার সময়সীমা রয়েছে।

এরই মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইনফান্তিনোর স্বদেশি র‍্যামন ভেগা। টটেনহাম হটস্পার ও সুইজারল্যান্ড জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার গত অক্টোবরেই নিজের প্রার্থিতার কথা জানান। এ ছাড়া জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

আগামী বছরের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফা কংগ্রেসে নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: বিবিসি