৫০ হাজার গবাদিপশু ও পোল্ট্রি খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানো এবং আধুনিক খামার ব্যবস্থাপনা ছড়িয়ে দিতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৫০ হাজার গবাদিপশু ও পোল্ট্রি খামারিকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরই মধ্যে গত অক্টোবর পর্যন্ত ২০ হাজার ২৫৯ জন খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী জানান, মৎস্যসম্পদ বাড়াতে সারাদেশের মৎস্যচাষিদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে দেশের ৪৮৮টি উপজেলা মৎস্য দপ্তরে দুই ব্যাচ করে মোট ৯৭৬ ব্যাচ প্রশিক্ষণের বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মৎস্য অধিদপ্তরের আওতাধীন উন্নয়ন প্রকল্পের বিভিন্ন প্যাকেজের মাধ্যমে প্রদর্শনী খামার স্থাপনে মৎস্যচাষিদের উপকরণ সহায়তা দেওয়া হয়।

