বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

‘আমি অনেক কিছু বলতে পারি না, অবস্থা ভয়াবহ’: ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
‘আমি অনেক কিছু বলতে পারি না, অবস্থা ভয়াবহ’: ডেপুটি স্পিকার

সরকারি উন্নয়নকাজে ঠিকাদারদের গাফিলতি, দীর্ঘসূত্রতা ও তদারকির অভাব নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। নিজের নির্বাচনি এলাকার উন্নয়নকাজের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘আমি বলতে পারি না অনেক কিছু, বাট ইটস এ ভয়াবহ অবস্থা।’

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের বক্তব্যের পর তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, অনেক এলাকায় বছরের পর বছর পার হলেও উন্নয়নকাজ শুরু হয় না। আবার কোনো প্রকল্পের কাজ শুরু হলেও কিছুদিন পর ঠিকাদারদের আর খুঁজে পাওয়া যায় না। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। উন্নয়নকাজের প্রকৃত অবস্থা জানতে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের (পিডি) সরেজমিনে গিয়ে কাজ পরিদর্শন ও তদারকির আহ্বান জানান তিনি।

নিজের নির্বাচনি এলাকার পরিস্থিতি তুলে ধরে কায়সার কামাল বলেন, ‘আমাদের কনস্টিটুয়েন্সিতে কী বলব? আমি তো এই জায়গা থেকে বলতে পারি না অনেক কিছু। বাট ইটস এ ভয়াবহ অবস্থা।’

এর আগে সংসদে নিজের নির্বাচনি এলাকা ফুলবাড়িয়ার বিভিন্ন সড়কের বেহাল দশা তুলে ধরেন সংসদ সদস্য মো. কামরুল হাসান। তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে প্রতিবছর সড়ক, কালভার্ট ও অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় করা হয়। অথচ অনেক ক্ষেত্রে কার্যাদেশ পাওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান এক থেকে দুই বছর কাজ শুরু করে না। আবার কাজ শুরু করলেও দীর্ঘদিন অসমাপ্ত ফেলে রাখে।

এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি প্রকল্পের ব্যয় বৃদ্ধি এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে বলে সংসদে উল্লেখ করেন তিনি।

ফুলবাড়িয়ার সনকান্দা সড়কের উদাহরণ দিয়ে কামরুল হাসান বলেন, সড়কটি প্রায় এক বছর ধরে খানাখন্দে ভরা। কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। একই অবস্থা মোহাম্মদনগর ১০ মাইল সড়ক এবং ভবানীপুরের কচুয়া সড়কেও।

তিনি বলেন, কার্যাদেশ পাওয়ার পর কাজ শুরু না করা কিংবা কাজ শুরু করে মাঝপথে ফেলে রাখার কারণে সাধারণ মানুষকে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ধরনের পরিস্থিতি বন্ধে ঠিকাদারদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার ব্যবস্থা নিতে হবে।

সংসদে সড়কের পাশে পুকুর খনন করে মাছ চাষের বিষয়টিও তুলে ধরেন এই সংসদ সদস্য। তাঁর অভিযোগ, রাস্তার দুই পাশে পুকুর খননের কারণে সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্মাণের ছয় মাসের মধ্যেই রাস্তার স্থায়িত্ব নষ্ট হয়ে যাচ্ছে।

এ সমস্যা সমাধানে সড়ক থেকে অন্তত ১০ থেকে ১৫ ফুট দূরে পুকুর খননের বিধান কার্যকর করার দাবি জানান তিনি। তাঁর মতে, নির্ধারিত দূরত্ব বজায় রেখে পুকুর খনন করা হলে সড়কের স্থায়িত্ব বাড়বে এবং জনদুর্ভোগ কমবে।