এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আগুনে বাড়ির পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে গেছে।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেন নুসরাত তাবাসসুম। তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা এনসিপি। দলটির জেলা সভাপতি জান্নাতুল ফেরদৌস টনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি জানান, একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি কক্ষ এবং দুটি ছাগল আগুনে পুড়ে গেছে।

