জামায়াতকে ক্ষমতায় আসার প্রলোভন দেখিয়েছে ভারত: রাশেদ খান

আওয়ামী লীগের নাশকতা ও অরাজকতা ঠেকাতে রাজপথে না থাকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সরকারকে চাপে রাখতেই বিরোধী দলগুলো এমন কৌশল নিয়েছে বলে দাবি করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত ও এনসিপির বিরুদ্ধে এ অভিযোগ করেন রাশেদ খান।
পোস্টে তিনি লিখেছেন, ‘আজকে গণমাধ্যমে খবরে এসেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও ভাঙচুর ঠেকাতে মাঠে না থাকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-এনসিপি। খবরে আরও বলা হয়েছে, বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তারা এমন তথ্য পেয়েছে যে, রাজপথে নিষ্ক্রিয় থেকে সরকারকে চাপে রাখার কৌশল নিয়ে অগ্রসর হবে জামায়াত-এনসিপি।’
এ বিষয়ে গত ১০ নভেম্বরই বিস্তারিত লিখেছিলেন বলে জানান রাশেদ খান। তিনি বলেন, ‘সরকারকে চাপে রাখার জন্য আওয়ামী দুর্বৃত্তদের নাশকতাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-এনসিপি। তারা এই পরিস্থিতিকে বার্গেনিং টুল বা দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।’
গণমাধ্যমে প্রকাশিত খবরের মধ্য দিয়ে তাঁর আগের বক্তব্যের প্রমাণ পেয়েছেন বলেও দাবি করেন তিনি। রাশেদ খান বলেন, ‘আমি কখনো তথ্য, যুক্তি ও প্রমাণ ছাড়া কথা বলি না।’
এ সময় আওয়ামী লীগের বিষয়ে নীরব থাকতে ভারত জামায়াতকে প্রলোভন দেখিয়েছে বলেও অভিযোগ করেন রাশেদ খান। তাঁর দাবি, আওয়ামী লীগের বিষয়ে চুপ থাকলে ভবিষ্যতে ক্ষমতায় আসার ক্ষেত্রে ভারত জামায়াতকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগের বিষয়ে নিশ্চুপ থাকার সিদ্ধান্ত শুধু জামায়াতের নয়, বরং ভারত জামায়াতকে এই প্রলোভন দেখিয়েছে যে, আওয়ামী লীগের বিষয়ে চুপ থাকলে ভবিষ্যতে ক্ষমতায় আসার বিষয়ে ভারত জামায়াতকে সহযোগিতা করবে। আর সেই ফাঁদে পা দিয়েছে জামায়াত।’
তবে ভারতের এই কৌশল জামায়াতকে ক্ষমতায় আনার জন্য নয়, বরং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে তোলার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে দাবি করেন রাশেদ খান।

