রাতের আঁধারে কৃষকের ক্ষেতের ফসল কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর পাংশা উপজেলার হেনা মোড় এলাকায় রাতের আঁধারে দুর্বৃত্তদের তাণ্ডবে নিঃস্ব হয়ে গেছেন এক প্রান্তিক চাষি। জমির মালিক বাদশা মিয়ার খেতের লাউ গাছ, বিভিন্ন শাকসবজির গাছ ও ফলন্ত কলাগাছ রাতের অন্ধকারে কেটে সাবাড় করে দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে খেটে খাওয়া এই কৃষক নিজের জমিতে গিয়ে তার সব গাছ কাটা অবস্থায় দেখতে পান। মুহূর্তের মধ্যে তার সারা বছরের স্বপ্ন ও কষ্ট নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়।
ভুক্তভোগী কৃষক বাদশা মিয়া জানান, অনেক কষ্ট করে তিনি জমিতে লাউ, শাকসবজি ও কলাগাছগুলো চাষ করেছিলেন। কিন্তু কে বা কারা কী উদ্দেশ্যে রাতের আঁধারে তার এই সর্বনাশ করল, তা তিনি বুঝতে পারছেন না। সর্বস্ব হারিয়ে তিনি এখন দিশেহারা।
এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাদশা মিয়া স্থানীয় বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফকে বিষয়টি ফোন করে জানান। খবর শুনে আরিফ এঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘কৃষকদের ফসলি খেত ও গাছপালা কাটার এই ন্যক্কারজনক কাজটি যারা করেছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, নিরীহ কৃষকের জীবিকা অর্জনের একমাত্র মাধ্যম এভাবে ধ্বংস করা জঘন্য অপরাধ। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত কৃষক বাদশা মিয়া ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তবে এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয় নাই।

