বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড; জরিমানা ৫০ কোটি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১:৫৭ অপরাহ্ন আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ২:২৫ অপরাহ্ন
সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড; জরিমানা ৫০ কোটি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাবেদকে ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মামলার ৩১ আসামির মধ্যে ১৭ জনের সাজা এবং ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন জানান, অর্থ পাচারের অভিযোগে জাবেদকে ১০ বছর এবং অর্থ আত্মসাতের অভিযোগে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার স্ত্রীকে দুই অভিযোগে পাঁচ বছর করে মোট ১০ বছরের সাজা দেওয়া হয়েছে।

রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

উল্লেখ্য, ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ভাইবোনসহ মোট ৩১ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।