শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ‘ত্রিভূ’ শীর্ষক দলীয় চিত্রকর্ম প্রদর্শনী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ‘ত্রিভূ’ শীর্ষক দলীয় চিত্রকর্ম প্রদর্শনী

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চিত্রকলা গ্রুপের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের প্রথম দলীয় চিত্রকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।

‘ত্রিভূ’ শীর্ষক এ প্রদর্শনী ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১০২ নম্বর কক্ষে উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

প্রদর্শনীতে অংশ নিয়েছেন চিত্রকলা গ্রুপের তিন শিক্ষার্থী সানজিদা ইসলাম মীম, মোছা. নাইস আক্তার ও তাসনিম নুসরাত তৃষা। তাঁদের ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে আঁকা শিল্পকর্মগুলোতে বিমূর্ত ভাবনা, প্রকৃতি, গ্রামীণ জীবন, নগরজীবন ও মানুষের জীবনঘনিষ্ঠ নানা অনুভূতির প্রকাশ ঘটেছে। রঙ, রেখা, আকৃতি ও গঠনের বৈচিত্র্যময় প্রয়োগে প্রত্যেক শিল্পী তুলে ধরেছেন নিজস্ব শিল্পভাবনা ও সৃজনশীলতার পরিচয়।

সানজিদা ইসলাম মীমের চিত্রকর্মে বিমূর্ত প্রকাশভঙ্গি ও জ্যামিতিক আকৃতির বৈচিত্র্যময় বিন্যাস লক্ষ করা যায়। তাঁর কাজে বাঁকানো রেখা, ত্রিভুজ, বৃত্ত ও বিভিন্ন জ্যামিতিক গঠনের সমন্বয়ে তৈরি হয়েছে গতিশীল কম্পোজিশন। লাল, নীল, হলুদ ও কমলা রঙের সাহসী প্রয়োগ চিত্রপটে এনেছে দৃশ্যগত বৈচিত্র্য। পরিচিত অবয়বের পরিবর্তে আকৃতি ও রঙের পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে তিনি নিজের শিল্পভাবনা প্রকাশ করেছেন।

মোছা. নাইস আক্তারের চিত্রকর্মে গ্রামীণ জীবন, প্রকৃতি ও নগরপরিসরের নানা দৃশ্য উঠে এসেছে। পুরোনো বৃক্ষ, কুঁড়েঘর, গরুর গাড়ি, গ্রামীণ বসতি ও নগরভবনের চিত্রায়ণে তাঁর কাজে সময় ও পরিবেশের ভিন্নতা ধরা পড়ে। ক্যানভাসে রঙের স্তর, দৃশ্যমান ব্রাশের টান এবং আলো-ছায়ার ব্যবহারে তিনি বিষয়বস্তুকে একটি স্বতন্ত্র আবহ দিয়েছেন। বিশেষ করে গ্রামীণ জীবনের পরিচিত উপকরণগুলো তাঁর চিত্রকর্মে স্মৃতি ও জীবনঘনিষ্ঠতার অনুভূতি তৈরি করেছে।

তাসনিম নুসরাত তৃষা চিত্রকর্মে প্রকৃতি ও জীবনঘনিষ্ঠ দৃশ্যের প্রকাশ প্রাধান্য পেয়েছে। জলাশয়ে শাপলা-শালুক, নৌকা, বৃক্ষরাজি, ভূমি ও গ্রামীণ পরিবেশ তাঁর ছবির উল্লেখযোগ্য বিষয়। পাশাপাশি ‘প্রকৃতি’, ‘প্রতীক্ষা’ ও ‘দিগন্ত’ শীর্ষক কাজগুলোতে রঙের আবেগময় প্রয়োগ এবং দৃশ্যের অভিব্যক্তিমূলক উপস্থাপন লক্ষ করা যায়। নীল, সবুজ, হলুদ ও বাদামি রঙের সমন্বয়ে তিনি প্রকৃতির বিভিন্ন রূপ ও পরিবেশের অনুভূতি তুলে ধরেছেন। তাঁর কাজে বাস্তব দৃশ্যের পাশাপাশি ব্যক্তিগত অনুভূতি ও শিল্পিত প্রকাশেরও সমন্বয় ঘটেছে।

প্রদর্শনীর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মো. নওয়াব আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শামসুল ইকবাল খান, সহকারী প্রক্টর আব্দুল গাফফার এবং চারুকলা বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব মো. এমরান হোসেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চারুকলা বিভাগের প্রভাষক জনাব প্রদীপ সাহা। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অনুশীলন, নিরীক্ষা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে ওঠা শিল্পভাবনার কথা তুলে ধরেন। তাঁর মতে, তিন শিক্ষার্থীর স্বতন্ত্র চিন্তা, সৃজনশীলতা ও শিল্পভাবনার সমন্বয়ে এ প্রদর্শনীর আয়োজন। শিক্ষার্থীদের শিল্পকর্মে তাঁদের ব্যক্তিগত অনুভূতি, সীমিত অভিজ্ঞতা এবং শিল্পের প্রতি গভীর অনুরাগ ও নিবেদনের প্রতিফলন ঘটেছে।

প্রদীপ সাহা আরও বলেন, একটি প্রদর্শনী কখনোই শিল্পচর্চার চূড়ান্ত পরিণতি নয়; বরং এটি নতুন স্বপ্ন ও সৃষ্টির সূচনা। নিষ্ঠা, সাহস ও নিরন্তর সাধনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিল্পজগতে নিজেদের পরিচয় গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করে তাঁদের ভবিষ্যৎ শিল্পযাত্রার সাফল্য কামনা করেন।

‘ত্রিভূ’ প্রদর্শনীটি শিক্ষার্থীদের শিল্পচর্চা, সৃজনশীল অনুসন্ধান ও নিজস্ব প্রকাশভঙ্গি তুলে ধরার একটি সম্মিলিত প্রয়াস। শিক্ষাজীবনের অর্জিত অভিজ্ঞতাকে শিল্পকর্মের মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপনের পাশাপাশি এটি নবীন শিল্পীদের ভবিষ্যৎ শিল্পযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।