পলাতক আ.লীগ নেতাদের টাকা পাঠান মাশরাফি: রাশেদ খান

নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের নিয়মিত অর্থ পাঠানোর অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
পোস্টে রাশেদ খান দাবি করেন, পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের অর্থ দিয়ে সহায়তা করছেন মাশরাফি। তাঁর অভিযোগ, সন্ত্রাসীদের ব্যবহার করে এলাকায় তাণ্ডব চালানো হচ্ছে। গণঅভ্যুত্থানের সময় মাশরাফির বাড়িতে ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালানো এবং প্রতিশোধ নিতে অর্থ ব্যয়ের অভিযোগও করেন তিনি।

মাশরাফির পক্ষের লোকজন ফেসবুকে প্রচার করছেন যে, বিএনপির দুই নেতা হত্যার নির্দেশনার সঙ্গে তিনি জড়িত নন—এমন দাবি করে রাশেদ খান প্রশ্ন তোলেন, মাশরাফি নিজে কেন এ বিষয়ে বক্তব্য দিচ্ছেন না। তিনি বলেন, মাশরাফি নিজেকে নিরপরাধ দাবি করে ওই হত্যাকাণ্ডের নির্দেশনার সঙ্গে জড়িত নন, তা স্পষ্ট করতে পারেন।
রাশেদ খান আরও অভিযোগ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থানের সময় মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর ভাষ্য, মাশরাফি বিন মুর্তজা ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে—এমন আশায় দুই বছর অপেক্ষা করছেন এবং এ বছর শেখ হাসিনার জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছেন।
পোস্টে রাশেদ খান প্রশ্ন তোলেন, গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানানো এবং দুই নেতা হত্যার অভিযোগের বিষয়ে নীরব থাকা কতটা স্বাভাবিক। তাঁর দাবি, মাশরাফির মধ্যে অনুশোচনা থাকলে গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে দাঁড়ানো অথবা পরে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে সরে যাওয়া উচিত ছিল।

