আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি: রাশেদ খাঁন

ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে এবং শেখ হাসিনা তাকে মন্ত্রী বানাবেন—এমন আশায় বুক বেঁধে আছেন সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাশরাফিকে নিয়ে এসব মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত অর্থ সহায়তা দেন মাশরাফি। সর্বশেষ সহিংসতার পেছনেও তার মদদ রয়েছে বলে দাবি করেন তিনি। গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে মাশরাফির বাড়িতে ভাঙচুরের ঘটনার প্রতিশোধ নিতেই তিনি অর্থ ব্যয় করে সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডে মদদ দিচ্ছেন বলেও অভিযোগ করেন রাশেদ।
বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে রাশেদ বলেন, মাশরাফির অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করছেন, তিনি এমন কোনো নির্দেশনা দেননি। এ বিষয়ে মাশরাফিকে নিজেই নিজের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি।
মাশরাফির একসময়কার ভক্ত ছিলেন উল্লেখ করে রাশেদ খাঁন আরও লেখেন, ২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থানের সময় মাশরাফির বাবা নিজে রাজপথে নেমে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, ক্ষমতার প্রতি আকাঙ্ক্ষা থেকেই মাশরাফি ও তার বাবা তখন এমন অবস্থান নিয়েছিলেন।
পোস্টে রাশেদ আরও উল্লেখ করেন, দুই বছর বিরতির পর চলতি বছর শেখ হাসিনার জন্মদিনে মাশরাফির শুভেচ্ছা জানানোর বিষয়টি তার রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত দেয়। তার প্রশ্ন, একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারেন যিনি, তার বিরুদ্ধে দুই নেতাকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠা অস্বাভাবিক কি না।
রাশেদ খাঁনের মতে, মাশরাফির উচিত ছিল গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পাশে দাঁড়ানো অথবা পরবর্তী সময়ে নিজের ভূমিকার জন্য ক্ষমা চেয়ে রাজনীতি থেকে সরে যাওয়া। কিন্তু সে লোভী, ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরবে, আপা তাকে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে...!

