রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী, জমা দিলেন নথি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২:১২ অপরাহ্ন
জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী, জমা দিলেন নথি

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দিতে গিয়ে তিনি মামলাসংক্রান্ত বিভিন্ন নথি ও ভিডিও উপস্থাপনের কথা জানিয়েছেন। ইতিমধ্যে ২০১১ সালে প্রকাশিত প্র থম আ লোর দুটি প্রতিবেদনের কপি ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল তার সাক্ষ্য গ্রহণ করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সাক্ষ্যের শুরুতে তাসলিমা জাহান পপি জানান, এ মামলার আসামি জিয়াউল আহসানকে তিনি চেনেন। মামলার সঙ্গে সংশ্লিষ্ট কিছু কাগজপত্র ও ভিডিও তিনি সাক্ষ্য হিসেবে উপস্থাপন করবেন।

সাক্ষ্যগ্রহণের সময় তিনি ২০১১ সালের ১৩ জানুয়ারি প্র থম আ লোতে প্রকাশিত ‘র‍্যাবের গুলিতে যুবক নিহত’ শিরোনামের একটি প্রতিবেদনের কপি জমা দেন। এ ছাড়া একই বছরের ১৬ আগস্ট প্রকাশিত ‘ভারতীয় শাড়ি এবং দেশীয় আলু ও ট্রাক উদ্ধারের’ শিরোনামের আরেকটি প্রতিবেদনও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।

নিরাপত্তাজনিত কারণে এদিন সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত হননি মামলার আসামি জিয়াউল আহসান। তিনি ভার্চুয়ালি হাজিরা দিচ্ছেন।

এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পরে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। সেই ধারাবাহিকতায় তাসলিমা জাহান পপির সাক্ষ্যগ্রহণ চলছে।

এ মামলায় তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জবানবন্দি নেওয়া হয়েছিল গত ৮ অক্টোবর। এর আগে ৩০ সেপ্টেম্বর তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।