চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী

আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের মাধ্যমে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, নারী ও পুরুষ উদ্যোক্তাদের উৎসাহিত করতে এসএমই ফাউন্ডেশন ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এর আওতায় দেশের ৬৪ জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে আগামী চার বছরে ২৫ হাজারের বেশি উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় শিগগিরই এসএমই নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে জিডিপিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের। পাশাপাশি এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এসএমই পণ্যের নকশা ও মান উন্নয়নে প্রতিষ্ঠা করা হবে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনের বিভিন্ন বাণিজ্য মেলায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তারেক রহমান বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু চাকরি খুঁজে সময় নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। বরং এসএমই খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করা উচিত।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

