রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ৪:১২ অপরাহ্ন
‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

স্বামীর মৃত্যুর ১১ মাস পেরিয়ে গেলেও তাঁর প্রাপ্য পেনশন ও ভাতা তুলতে পারছেন না বলে অভিযোগ করেছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফের (বীর প্রতীক) স্ত্রী নুরজাহান বেগম। শনিবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরাসরি এ অভিযোগ তুলে ধরেন তিনি।

২১ নভেম্বর সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফের স্ত্রী নুরজাহান বেগম তাঁর পারিবারিক পেনশন ও ভাতা উত্তোলনে জটিলতার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন।

নুরজাহান বেগম জানান, তাঁর স্বামী ২০২৫ সালের ২৮ ডিসেম্বর মারা যান। এরপর থেকে তিনি স্বামীর প্রাপ্য পেনশন ও ভাতা নিয়মিত উত্তোলন করতে পারছেন না। দীর্ঘদিন ধরে এ জটিলতার কারণে আর্থিক সমস্যায় পড়েছেন তিনি।

প্রধানমন্ত্রী তাঁর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এ বিষয়ে কোনো দরখাস্ত আছে কি না জানতে চান। এ সময় পাশে থাকা নুরজাহান বেগমের ছেলে জানান, তাঁর বাবা বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। একজন প্রভাবশালী ব্যক্তির কারণে তাঁরা পেনশন পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি প্রভাবশালীর নয়; নিয়ম অনুযায়ী পেনশন পাওয়ার কথা। এ সময় তিনি দরখাস্ত আনা হয়েছে কি না জানতে চান। নুরজাহান বেগমের ছেলে জানান, দরখাস্তটি অনুষ্ঠানের গেটে রাখা আছে। তখন প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা এক কর্মকর্তা দরখাস্তটি সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার কথা জানান।

উল্লেখ্য, প্রয়াত রত্তন আলী শরীফ ছিলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা। মুক্তিযুদ্ধের সময় তিনি সাহসী সংগঠক ও বেইজ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়।

প্রসঙ্গত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত আক্রমণের সূচনাকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকালে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।