রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাদিক কায়েমের বাড়িতে আগুন; ৩ হামলাকারী শনাক্ত, খুঁজছে পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ৫:২৪ অপরাহ্ন আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
সাদিক কায়েমের বাড়িতে আগুন; ৩ হামলাকারী শনাক্ত, খুঁজছে পুলিশ

ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে তিনটা। শহরের নয়নপুর এলাকায় তখন গাঢ় নীরবতা। ঠিক সেই সময় ছাদের ওপর বিকট শব্দে ঘুম ভাঙে আবুল কাশেমের। দরজা খুলে বের হতে গিয়েই তিনি দেখেন- চারপাশে দাউ দাউ করে জ্বলছে আগুন। কেরোসিন ঢেলে ঘরের দরজায় দেওয়া হয় আগুন। জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে আকুতি জানিয়ে চিৎকার শুরু করেন তিনি। সেই আর্তচিৎকারে ঘুম ভেঙে ছুটে আসেন প্রতিবেশীরা। স্থানীয়দের দ্রুত তৎপরতা ও পানির ঝাপটায় বড় অঘটন থেকে রক্ষা পান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাবা-মা।

​শনিবার (২১ নভেম্বর) গভীর রাতের এই চাঞ্চল্যকর ঘটনার পর রবিবার সকালেই ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চার হামলাকারীর মধ্যে তিনজনকে ইতোমধ্যে শনাক্ত করেছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। চতুর্থজনের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। পুলিশ দাবি করছে, হামলায় জড়িত চারজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তাদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে।

​ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগতাড়িত কণ্ঠে সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বলেন, 'গভীর রাতে হঠাৎ বিকট শব্দ পেয়ে বাইরে বেরিয়ে চারদিকে আগুন দেখতে পাই। আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান, না হলে কী যে হয়ে যেত ভাবতেই শিউরে উঠছি। এই ঘটনায় তিনি নিজে বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।

​খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, 'খবর পেয়ে ফায়ার সার্ভিস রওনা দিলেও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়। যথাসময়ে আগুন নিভানো না হলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারতো।'

​এদিকে নিজের বাড়িতে এমন হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এক পোস্টে তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজায় কেরোসিন ঢেলে পুরো বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালায়। সাদিক কায়েমের দাবি, জুলাইপন্থী ছাত্র-জনতাকে ভয়ভীতি দেখানো ও হামলার মাধ্যমে রাজনৈতিকভাবে নিজেদের প্রাসঙ্গিক করার অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ।

এদিকে সাদিক কায়েমের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা। তারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি দাবী করেন বক্তারা।

​গভীর রাতের এই আগুনের ঘটনায় নয়নপুরসহ পুরো শহরে ছড়িয়ে পড়েছে চাপা আতঙ্ক ও উত্তেজনা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।