রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী: জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী: জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, ‘তারেক রহমান ও তার সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে বাংলাদেশ হবে মানবিক ও উন্নয়নমুখী।’ দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মানুষের বিপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে কাজ করব। আমাদের গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ।’

নিজেদের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’

অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের চারটি থানা—গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকার মোট ১৬৫ জনকে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। তাঁদের মধ্যে ১০৭ জন দুস্থ ও অসহায় ব্যক্তি, দুজন মেধাবী শিক্ষার্থী, ১৬ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী এবং ৪০ জন মা ও শিশুদের জীবনমান উন্নয়ন কর্মসূচির উপকারভোগী।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনের মধ্যে চেক ও নিমগাছের চারা বিতরণ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।