সীতাকুণ্ডের বিদ্যুৎসেবায় স্মার্ট রূপান্তর: এক ক্লিকেই গ্রাহকের ডিজিটাল সমাধান

নিজস্ব গবেষণা ও উদ্যোগে ওয়েব পোর্টাল, BPDB AI ও মোবাইল অ্যাপ চালু করেছেন নির্বাহী প্রকৌশলী রিয়াজুল আলম, বিল, অভিযোগ, ফিডারের খবর থেকে ইউটিলিটি সার্টিফিকেট—সবই এখন অনলাইনে।
মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) বিদ্যুৎ অফিসে ছুটতে হবে না, দীর্ঘ অপেক্ষারও প্রয়োজন নেই। বিদ্যুৎ বিল দেখা, মিটারের সমস্যা জানানো, বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধান, অভিযোগের অগ্রগতি অনুসরণ কিংবা পাসপোর্ট-ভিসার জন্য ইউটিলিটি সার্টিফিকেট সংগ্রহ—গ্রাহকের দৈনন্দিন বিদ্যুৎসেবা এখন এক ক্লিকেই হাতের মুঠোয়। প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকসেবাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ, বাড়বকুণ্ড চালু করেছে সমন্বিত ডিজিটাল সেবা ব্যবস্থা।
বাড়বকুণ্ড বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজুল হকের ব্যক্তিগত গবেষণা ও উদ্যোগে গড়ে উঠেছে এ প্রযুক্তিনির্ভর সেবা। ওয়েব পোর্টাল, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহায়ক ‘BPDB AI’ এবং বিনামূল্যের ‘বিদ্যুৎ সেবা’ অ্যান্ড্রয়েড অ্যাপের সমন্বয়ে তৈরি হয়েছে গ্রাহকসেবার একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম। এর আওতায় প্রিপেইড ও পোস্টপেইড—উভয় ধরনের গ্রাহকই ঘরে বসে বিভিন্ন বিদ্যুৎসেবা গ্রহণ করতে পারবেন।
উদ্যোগটির বিশেষত্ব শুধু একাধিক ডিজিটাল মাধ্যম চালু করা নয, বরং তিনটি মাধ্যমকে একই সার্ভার ও তথ্যভান্ডারের সঙ্গে সমন্বিত করা। ফলে অফিস থেকে কোনো নোটিশ, ফিডারের অবস্থা, অভিযোগের সিদ্ধান্ত কিংবা প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা হলে তা পোর্টাল, এআই সহায়ক ও অ্যাপে সমন্বিতভাবে পাওয়া যায়। এতে তথ্যপ্রাপ্তি, অভিযোগ ব্যবস্থাপনা ও গ্রাহকসেবায় তৈরি হয়েছে প্রযুক্তিনির্ভর সমন্বিত ব্যবস্থা।
অফিসে না গিয়েই অভিযোগ, যোগাযোগ ও প্রত্যয়নপত্র---
বাড়বকুণ্ডের গ্রাহকেরা barabkunda.bpdbonline.com ওয়েব পোর্টালের মাধ্যমে অফিসে না গিয়েই অভিযোগ জানানো, অভিযোগের অগ্রগতি অনুসরণ, অফিসের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ইউটিলিটি সার্টিফিকেট সংগ্রহসহ বিভিন্ন সেবা নিতে পারবেন। পাশাপাশি বিদ্যুৎ বিল, নোটিশ, নির্দেশিকা, বিদ্যুতের মূল্যহার ও গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যাচ্ছে এ পোর্টালে।
প্রিপেইড মিটার নম্বর দেওয়ার মাধ্যমে অভিযোগ ব্যবস্থায় গ্রাহকের নাম ও এলাকা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যায়। অভিযোগের সঙ্গে মিটারের ডিসপ্লে ও সম্পূর্ণ মিটারের দুটি ছবি সংযুক্ত করে তা জমা দেওয়ার সুযোগ রয়েছে। অভিযোগ জমা হলে একটি ট্র্যাকিং নম্বর দেওয়া হয়, যার মাধ্যমে পরবর্তী সময়ে মোবাইল নম্বরসহ অভিযোগের অগ্রগতি জানা যাবে।
অভিযোগ জমা দেওয়ার পর প্রাপ্ত চার অঙ্কের পিন ও মোবাইল নম্বর ব্যবহার করে গ্রাহক অফিসের সঙ্গে সরাসরি লিখিত কথোপকথন করতে পারবেন। এ ব্যবস্থায় ছবি পাঠানোর সুযোগও রয়েছে। অভিযোগ নিষ্পত্তি হলে সংশ্লিষ্ট চ্যাট সেশন বন্ধ হয়ে যাবে।
পাসপোর্ট, ভিসা, ব্যাংকসহ বিভিন্ন প্রয়োজনে বিদ্যুৎ সংযোগের প্রমাণপত্র দরকার হলে প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকেরা অনলাইনে বিনামূল্যে ইউটিলিটি সার্টিফিকেট নিতে পারবেন। বকেয়া না থাকলে তাৎক্ষণিকভাবে সার্টিফিকেট ইস্যু করা যায়, যার মেয়াদ তিন মাস।
সার্টিফিকেট বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পাওয়া যাবে। প্রতিটি সার্টিফিকেটে থাকা QR কোড স্ক্যান করে অথবা ওয়েবসাইটের /verify পাতায় সার্টিফিকেট নম্বর ও যাচাই কোড ব্যবহার করে এর সত্যতা যাচাই করা যাবে।
এ ছাড়া গ্রাহক নম্বর ব্যবহার করে বিদ্যুৎ বিল দেখা, হালনাগাদ খুচরা বিদ্যুৎ মূল্যহার, নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা, অফিসের নোটিশ ও গুরুত্বপূর্ণ ফোন নম্বর পাওয়া যাবে। নতুন সংযোগের আবেদনপত্র, নেট মিটারিং নির্দেশিকা, নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের নির্দেশিকা এবং গ্রাহক সেবা অঙ্গীকারসহ বিভিন্ন প্রয়োজনীয় নথি ডাউনলোডের সুবিধাও রয়েছে।
গ্রাহকের প্রশ্নের উত্তর দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা BPDB AI ---
ডিজিটাল সেবা ব্যবস্থার অন্যতম আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহায়ক ‘BPDB AI’ (সংস্করণ Mars 2.3)। বাংলা ও ইংরেজিতে গ্রাহকের প্রশ্ন বুঝে উত্তর দেওয়ার জন্য তৈরি এ সহায়কটি ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপ—উভয় মাধ্যমেই ব্যবহার করা যাবে।
গ্রাহক মিটার নম্বর বা গ্রাহক নম্বর দিয়ে নিজের বিদ্যুৎ সংযোগ-সংক্রান্ত তথ্য জানতে পারবেন। প্রিপেইড মিটারের ব্যালেন্স, সর্বশেষ রিচার্জ, জরুরি ব্যালেন্সের কোড, টোকেন না আসা, রিচার্জ টোকেন মিটারে গ্রহণ না করা কিংবা রিচার্জের বিভিন্ন মাধ্যম সম্পর্কে সহায়তা পাওয়া যাবে।
মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত ‘tAmPEr’ বা ‘LoCrEdit’-এর মতো বার্তার অর্থ জানতে গ্রাহক লিখে অথবা ছবি দিয়ে প্রশ্ন করতে পারবেন। বিদ্যুতের মূল্যহার, বিলের হিসাব ধাপে ধাপে বোঝা, নতুন সংযোগের নিয়ম এবং বিদ্যুৎসংক্রান্ত বিভিন্ন বিষয়েও উত্তর দেওয়ার ব্যবস্থা রয়েছে।
গ্রাহক বা মিটার নম্বর দিলে সংশ্লিষ্ট তথ্যভান্ডারের ভিত্তিতে গ্রাহকের নামের আংশিক তথ্য, এলাকা, ফিডারের অবস্থা, বকেয়া, মিটারের লক অবস্থা ও মিটারের ব্র্যান্ড সম্পর্কে তথ্য দিতে পারে সহায়কটি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকার বিদ্যুৎ অফিসের ফোন নম্বর খুঁজে পাওয়া এবং বিদ্যুৎ ব্যবহারে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিরাপত্তা-সংক্রান্ত পরামর্শ নেওয়ার সুবিধাও রয়েছে।
সহায়কটি যাচাইকৃত তথ্যভান্ডার থেকে উত্তর দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। কোনো প্রশ্নের উত্তর দিতে না পারলে তা অফিসের পর্যালোচনার তালিকায় পাঠানো হয়। গ্রাহকের ইতিবাচক ও নেতিবাচক মূল্যায়নের ভিত্তিতেও সহায়কটির কার্যকারিতা উন্নত করার সুযোগ রয়েছে।
ফিডারের খবর, শাটডাউন ও নোটিশ পৌঁছাবে মোবাইলেই---
বিনামূল্যের ‘বিদ্যুৎ সেবা’ অ্যান্ড্রয়েড অ্যাপটি গ্রাহকদের নিজস্ব ফিডারের খবর, অফিসের বিজ্ঞপ্তি ও বিভিন্ন সেবা সরাসরি মোবাইল ফোনে পৌঁছে দেবে। অ্যাপটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ব্যবহার করা যায়। লগইন করতে প্রিপেইড মিটার নম্বর অথবা পোস্টপেইড গ্রাহক নম্বর ব্যবহার করা যাবে।
কোনো ফিডার বন্ধ হলে বন্ধের কারণ ও সম্ভাব্য চালুর সময় জানার সুযোগ থাকবে। ফিডার চালু হলে সংশ্লিষ্ট তথ্যও পাওয়া যাবে। পাশাপাশি নির্ধারিত শাটডাউনের তারিখ, সময় ও আওতাধীন এলাকা আগেই জানা যাবে। ফিডার, শাটডাউন ও জরুরি বিভাগভিত্তিক নোটিশ দেখার সুবিধাও রয়েছে অ্যাপে।
অ্যাপের মাধ্যমে BPDB AI-কে লিখে, কথা বলে অথবা মিটারের ছবি দিয়ে প্রশ্ন করা যাবে। নিকটস্থ বিদ্যুৎ অফিস খুঁজে পাওয়া, ইউটিলিটি সার্টিফিকেট সংগ্রহ, অনলাইনে অভিযোগ জানানো এবং সরাসরি অফিসে ফোন করার সুবিধাও রয়েছে।
নতুন গ্রাহকেরা অ্যাপের মাধ্যমেই নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের সময় প্রথমে মিটার বা গ্রাহক নম্বর অফিসের তথ্যভান্ডারে যাচাই করা হয়। এরপর মোবাইল নম্বর, এনআইডি ও মিটারের সরাসরি তোলা ছবি জমা দিতে হয়, যাতে নিবন্ধিত অ্যাকাউন্ট প্রকৃত গ্রাহকের সঙ্গে যাচাই করা যায়।
অ্যাপটি ডাউনলোড করতে নির্ধারিত ওয়েব পোর্টালের /app পাতায় যেতে হবে।
অভিযোগ ব্যবস্থাপনায় প্রযুক্তি, অফিসের কাজেও গতি---
ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে বাড়বকুণ্ড বিতরণ বিভাগ গ্রাহকদের প্রশ্ন, অভিযোগ ও চ্যাট একই প্রশাসনিক প্যানেল থেকে পরিচালনা করতে পারছে। সাধারণ ও পুনরাবৃত্ত প্রশ্নের উত্তর BPDB AI দেওয়ায় অফিসের কর্মীদের ওপর চাপ কমানোর সুযোগ তৈরি হয়েছে।
অফিস থেকে নোটিশ, বিশেষ ব্যানার, ফিডারের বন্ধ ও চালুর খবর এবং শাটডাউন সূচি প্রকাশ করলে তা পোর্টাল ও গ্রাহকদের অ্যাপে পৌঁছে যায়। প্রিপেইড মিটার-সংক্রান্ত অভিযোগ পরিচালনার জন্য কর্মীদের অভিযোগের তালিকা, ফিল্টার ও এআই-সহায়ক সুবিধা রয়েছে।
গ্রাহকের জমা দেওয়া মিটারের ছবি এআই দিয়ে যাচাই করা যায়। পাশাপাশি অভিযোগের প্রকৃত অবস্থান শনাক্ত করতে এলাকা ও ট্রান্সফরমারের অবস্থানসংক্রান্ত তথ্যও পাওয়া যায়। এতে সীমিত জনবল দিয়ে অভিযোগ ব্যবস্থাপনা আরও কার্যকর করার সুযোগ তৈরি হয়েছে।
ইস্যু করা ইউটিলিটি সার্টিফিকেটের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যায়। QR কোডের মাধ্যমে অনলাইনে যাচাইয়ের সুবিধা থাকায় কাগজের সার্টিফিকেট যাচাইয়ের ঝামেলাও কমবে।
গ্রাহকেরা কোন বিষয়ে বেশি প্রশ্ন করছেন, কোথায় এআই কার্যকর উত্তর দিতে পারছে না এবং কোন বিষয়গুলোতে উন্নয়ন প্রয়োজন—এসব তথ্য গত ৭, ৩০ ও ৯০ দিনের ভিত্তিতে বিশ্লেষণ করা যায়। অফিস নতুন তথ্য ও উত্তর যুক্ত করলে পরবর্তী সময়ে এআই সেগুলো ব্যবহার করে সহায়তা দিতে পারবে।
বিদ্যুতের মূল্যহার, গুরুত্বপূর্ণ ফোন নম্বর, বকেয়া-সংক্রান্ত তথ্য ও বিভিন্ন নির্দেশিকা অফিস থেকে হালনাগাদ করা যায়। পোর্টাল ও এআই একই তথ্যভান্ডার ব্যবহার করায় তথ্যের সমন্বয় বজায় রাখার উদ্যোগ রয়েছে।
এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ প্রশ্নের জন্য গ্রাহকদের বারবার ফোন করা বা সরাসরি অফিসে আসার প্রয়োজন কমানো, যাতে অফিসের কর্মীরা গুরুতর ও জরুরি অভিযোগ নিষ্পত্তিতে আরও বেশি সময় দিতে পারেন।
নিরাপত্তা, তথ্য যাচাই ও গোপনীয়তায় গুরুত্ব---
ডিজিটাল সেবাগুলো পরিচালনার ক্ষেত্রে গ্রাহকের তথ্যের গোপনীয়তা, অ্যাকাউন্ট নিরাপত্তা ও তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রথম লগইনে গ্রাহককে নতুন পাসওয়ার্ড দিতে হয়। পাসওয়ার্ড কমপক্ষে আট অক্ষরের হতে হবে, যাতে অন্তত একটি সংখ্যা থাকে এবং তা মিটার নম্বর না হয়। এনআইডি গ্রাহকের বিদ্যমান রেকর্ডের সঙ্গে যাচাই করা হয়।
অ্যাকাউন্ট সক্রিয় করার ক্ষেত্রে সরাসরি তোলা ছবি গ্রহণ করা হয়; গ্যালারি থেকে ছবি গ্রহণ করা হয় না। অ্যাপ ফোনেই ছবির বারকোড ও লেখা শনাক্ত করে মিটার নম্বরের সঙ্গে গ্রাহকের নম্বর মিলিয়ে দেখে। ছবি তোলার সময়কার অবস্থানও সংরক্ষণ করা হয়।
বিউবোর নিজস্ব সার্ভারে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি ইউটিলিটি সার্টিফিকেটে সার্টিফিকেট নম্বর, যাচাই কোড ও QR কোড রয়েছে, যার মাধ্যমে অনলাইনে সত্যতা যাচাই করা যায়।
গ্রাহকসেবায় প্রযুক্তির নতুন দৃষ্টান্ত---
গ্রাহকের সেবা গ্রহণ ও অফিসের সেবা প্রদানকে একই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার এ উদ্যোগ বিদ্যুৎসেবা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারকে আরও সহজ ও কার্যকর করার একটি প্রচেষ্টা। নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজুল হকের ব্যক্তিগত গবেষণা ও উদ্যোগে গড়ে ওঠা এ ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের সময়, শ্রম ও অফিসে যাতায়াত কমানোর পাশাপাশি অভিযোগ ব্যবস্থাপনা ও তথ্যপ্রাপ্তিতে নতুন সুযোগ তৈরি হয়েছে।
গ্রাহকের প্রশ্ন, অভিযোগ ও মতামতের ভিত্তিতে ডিজিটাল সেবাগুলো ধারাবাহিকভাবে উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডিজিটাল সেবা গ্রহণ ও যোগাযোগ:
ওয়েব পোর্টাল: barabkunda.bpdbonline.com BPDB AI: পোর্টালের যেকোনো পাতার ‘BPDB AI’ বাটন অথবা মোবাইল অ্যাপ অ্যাপ ডাউনলোড: barabkunda.bpdbonline.com/app সার্টিফিকেট যাচাই: barabkunda.bpdbonline.com/verify গ্রাহক সেবা কেন্দ্র (হটলাইন): +৮৮-০১৮২৫২৬৯৪৭৭

