শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

২২ বছর পর রাজশাহীর মাদ্রাসা মাঠে আজহারীর তাফসির মাহফিল, লাখো মানুষের সমাগম

অনলাইন ডেস্ক — রাজশাহী
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ৯:২১ অপরাহ্ন আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
২২ বছর পর রাজশাহীর মাদ্রাসা মাঠে আজহারীর তাফসির মাহফিল, লাখো মানুষের সমাগম

দীর্ঘ ২২ বছর পর আবারও তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ। শনিবার (২৮ নভেম্বর) জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর বয়ান শুনতে মাঠে কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে বিকেল ৩টায় মাহফিল শুরু হয়। পরে রাত ৮টার দিকে বয়ান দিতে মঞ্চে ওঠেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

রাজশাহীর মাদ্রাসা মাঠ শুধু ধর্মীয় সমাবেশের স্থান নয়, তাফসিরুল কোরআন মাহফিল ঘিরে এর রয়েছে দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য। এর আগে একই মাঠে প্রখ্যাত ইসলামি বক্তা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। সে সময় লাখো মানুষের উপস্থিতিতে মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

ওই সময় রাজশাহীর রাজনৈতিক প্রেক্ষাপটও ছিল ভিন্ন। তৎকালীন চারদলীয় জোট সরকারের অন্যতম শরিক ছিল বিএনপি ও জামায়াতে ইসলামী। সে সময় রাজশাহীর সংসদ সদস্য ও সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন মিজানুর রহমান মিনু। ঐতিহাসিক সেই মাহফিলের স্মৃতি এখনো রাজশীবাসীর কাছে আলোচিত।

দীর্ঘ বিরতির পর একই মাঠে আবারও বড় পরিসরে তাফসির মাহফিলের আয়োজন ঘিরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এবারের মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। এতে সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

মাহফিল ঘিরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে রাজশাহী মহানগর পুলিশ। পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, মাহফিলস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মুসল্লিদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাজশাহীর মাহফিলে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মাওলানা মিজানুর রহমান আজহারী। পোস্টে তিনি জানান, ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠের তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত থাকবেন। একই সঙ্গে রাজশাহী বিভাগের সর্বস্তরের মানুষকে মাহফিলে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান তিনি।