চট্টগ্রামে ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

নিহতরা হলেন- মো. ইসরাফিল (২০), সাকিম আলী (২০) ও মো. রিপন (২০)। তারা তিনজনই নির্মাণ শ্রমিক।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম।
তিনি জানান, কল্পলোক আবাসিকের ডি ব্লকের মাহাবুবুর রহমানের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন ওই তিন শ্রমিক। তারা মাচাংয়ের ওপর দাঁড়িয়ে সিলিংয়ের কাজ করছিলেন। একপর্যায়ে সেটা ভেঙে তিন শ্রমিক নিচে পড়ে মারাত্মক আহত হয়। এসময় অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসরাফিল ও সাকিম আলীকে মৃত ঘোষণা করেন। পরে রিপন নামের আরেক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান বাকলিয়া থানার ওসি।

