পেশাদারিত্বই গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. সৈয়দ আনোয়ার হোসেন

গণমাধ্যমের আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে দল ও মতের পক্ষপাতিত্ব। গণমাধ্যম এখনো দল-মতের ঊর্ধ্বে উঠতে পারেনি। দলীয় লেজুড়বৃত্তি করেই যাচ্ছে। তৃতীয়ত, গণমাধ্যমকে সব সময় জনগণের পক্ষে থাকতে হবে। সেটি খুব কম পত্রিকায় এবং টেলিভিশন চ্যানেলে দেখি। এক্ষেত্রে জনগণের চেয়ে তাদের নিজস্ব স্বার্থকেই তারা প্রাধান্য দিচ্ছে। ফলে জনবান্ধব হতে পারছে না।
এসব সমস্যা থেকে উত্তরণের জন্য প্রথমেই উচিত গণমাধ্যম যারা পরিচলানা করেন, সম্পাদক থেকে কর্মী- সবাইকে পেশাদারিত্ব অর্জন করতে হবে। সবাই যে সমানভাবে পেশাদারি বা দক্ষ হবেন তা নয়; তবে সবাইকে প্রশিক্ষণের মাধ্যমে পেশাদারিত্ব অর্জন করতে হবে। এ ব্যাপারে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) কিছুটা সহায়তা করতে পারে বলে আমি মনে করি।

