ইবিতে আরও ৪ ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

চারজন ছাত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, সানজিদা তাদের মানসিকভাবে নির্যাতন করেছেন। এমনকি তিনি কারও কারও অভিভাবককে ফোন করে কুৎসা রটিয়েছেন।
ছাত্রীদের দাবি, ছাত্রলীগের পদ পাওয়ার পর সানজিদা আরও বেপরোয়া হয়ে ওঠেন। হলে থাকতে হলে তার মানসিক নির্যাতন সহ্য করা ছাড়া উপায় থাকে না। চার ছাত্রীর তিনজন এখনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। একজন কিছুদিন আগে পড়াশোনা শেষ করে হল ছাড়েন।
তাদের একজন বলেন, সানজিদার ভয়ে কেউ প্রতিবাদ করেন না।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির কয়েক দিনের মাথায় ১২ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেত্রী সানজিদা ও তার অনুসারী তাবাসসুমসহ কয়েকজনের নিষ্ঠুরতার শিকার হন এক ছাত্রী। নেত্রীদের কথা না শোনার অভিযোগ তুলে তার ওপর সাড়ে চার ঘণ্টা ধরে নির্যাতন চালানো হয়। এ সময় অকথ্য ভাষায় গালাগাল, মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়।
এ ঘটনা গণমাধ্যমে আসার পর গত বৃহস্পতিবার বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের নির্দেশে অভিযুক্ত দুই ছাত্রী তদন্ত চলাকালে যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না থাকেন, তা নিশ্চিত করতে বলা হয়। তবে তদন্ত কমিটি গতকাল সন্ধ্যা পর্যন্ত গঠিত হয়নি বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
অভিযোগের বিষয়ে চেষ্টা করেও সানজিদার বক্তব্য পাওয়া যায়নি। তবে গত মঙ্গলবার দুপুরে তিনি বলেছিলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা।

