ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের অমানবিক নির্যাতনে মিনারা বেগম (৬৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে কামরুল (৪০) ও তার স্ত্রী নিলুফা বেগমের (৩৫) বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুজনই পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার পৌর শহরের কাকনহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনারা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রয়াত শিহাব উদ্দিনের স্ত্রী। নিহতের মেয়ে শাহানারা বেগম চায়না জানান, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে কামরুল ও তার স্ত্রী প্রায়ই তার মাকে মারধর করতেন।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা তার মাকে মারধর করেন। এতে মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তিনি তার মামা আলামিনকে খবর দেন।
খবর পেয়ে আলামিন তার বোনকে সোমবার রাত ১২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন বলেন, নিহতের ভাই রিয়াজুল ইসলাম তালুকদার বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যহত রয়েছে।

