মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ব্রাহ্মণপাড়ায় সীমান্তে যৌথ অভিযান, মানবপাচারকারী ও ভারতীয় নাগরিকসহ আটক ৭

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ন
ব্রাহ্মণপাড়ায় সীমান্তে যৌথ অভিযান, মানবপাচারকারী ও ভারতীয় নাগরিকসহ আটক ৭

কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তালিকাভুক্ত ছয় মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ নভেম্বর) রাতে কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ ও ৬০ বিজিবির সদস্যরা ও ব্রাহ্মণপাড়া থানার পুলিশকে এসব অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

আটক ছয় মানবপাচারকারী হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর গ্রামের খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের টুটুল খান টিটু (৩০), নারায়ণপুর গ্রামের আপন (৩৩) এবং কুমিল্লা কোতোয়ালি থানার হরিপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৩)।

এ ছাড়া আটক ভারতীয় নারীর নাম নাজমা বেগম সাইকিয়া (৩১)। তিনি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া, সদর দক্ষিণ উপজেলার সালদানদী ও শশীদল এবং বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে বিজিবি সদস্যরা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সহযোগিতায় যৌথভাবে অভিযানগুলো পরিচালনা করেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবপাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। অপরাধ দমনে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।