জনগণ জেগেছে, অধিকার আদায় করেই ছাড়ব : টুকু

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ অন্যান্য সিনিয়র নেতারা বক্তব্য দেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জেলে দিয়ে মানুষের কণ্ঠস্বর রোধ করা যায় না, কোনোদিন রোধ হয় নাই, আজও রোধ হবে না। খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবার গনতন্ত্র ফেরত আসবে। আবার গনতন্ত্র মানুষ পাবে, আবার মানুষ ভোট দিতে পারবে, তাদের ইচ্ছামতো তাদের সরকার গঠন করতে পারবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা রাস্তায় নামুন; আমরা আছি, জনগণ আছে। জনগণ তাদের নায্য অধিকার আদায় করেই ঘরে ফিরবে। যতই রাষ্ট্রকে ব্যবহার করুন, যতই ক্যাডার ব্যবহার করুন, জনগণের শক্তির কাছে কোনো শক্তিই শক্তি না। এ সময় ১০ দফা দাবি আদায়ে আগামী ২৫ ফেব্রুয়ারি প্রতিটি জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করার ঘোষণাও দেন বিএনপির এ সিনিয়র নেতা।

