মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে একই প্ল্যাটফর্মে চায় আওয়ামী লীগ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ৫:২০ পূর্বাহ্ন
মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে একই প্ল্যাটফর্মে চায় আওয়ামী লীগ

কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির সঙ্গে সম্পৃক্ত যেসব রাজনৈতিক দল এখন যুগপৎ আন্দোলন করছে, সেসব দলের বেশির ভাগই খণ্ডিত। তাদের একটি অংশ বিএনপির সঙ্গে থাকলেও অপর অংশটি ভেতরে ভেতরে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। আওয়ামী লীগও তাদের অপেক্ষায় রেখেছে। এছাড়া যুগপৎ আন্দোলন করছে- এমন কিছু দলের শীর্ষ নেতারাও আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারাও সিগন্যাল পেলেই চলে আসবেন ১৪ দলের সঙ্গে। তবে সেসব দল কারা, তা এখনই খোলাশা করে বলছেন না ক্ষমতাসীন দলটির নীতিনির্ধারকরা। তাদের মতে, আওয়ামী লীগ সব ধরনের পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা রাখে। সেই অনুযায়ী প্রস্তুতিও রয়েছে। অবস্থা বুঝেই ব্যবস্থা নেয়া হবে।

নামপ্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য জানান, বিএনপি-জামায়াতের নেতৃত্বে কিছু দল যুগপৎ আন্দোলন করছে। তারা একের পর এক নানা কর্মসূচি দিচ্ছে। কোনোটিতেই তারা সফল হতে পারছে না। সরকারকে শুধু একের পর এক হুমকি দিয়ে তর্জন-গর্জন করে চলেছে। আওয়ামী লীগও মাঠে আছে। ১৪ দলকেও আমরা সক্রিয় করেছি। জোট শরিকরাও মাঠে আছে। বিরোধী রাজনৈতিক পক্ষের আন্দোলনে সরকার মোটেও চিন্তিত নয়। তারা যে কর্মসূচি দিচ্ছে, আমরাও একই দিনে শান্তি সমাবেশ করছি। সুতরাং আওয়ামী লীগ একাই যথেষ্ট বিএনপি-জামায়াতকে মোকাবিলা করতে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু কর্মসূচির নামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে ক্ষেত্রে তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করবে। আর আওয়ামী লীগ সাধারণ মানুষের দল। জনগণকে সঙ্গে নিয়েই তাদের অপচেষ্টা মোকাবিলা করবে।

জোট সম্প্রসারণের বিষয়ে এই নেতা বলেন, এটি চলমান প্রক্রিয়া। আমাদের আদর্শিক জোট ১৪ দল আছে। এই জোট অনেক শক্তিশালী। যে কোনো লড়াই-সংগ্রামে আমরা একসঙ্গে পথ চলছি। এই জোটের সবাই পরীক্ষিত। বিগত দিনের পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিকভাবে আমরা সফল। নির্বাচনকেন্দ্রিক আমাদের জোট হয়। এবারো সে রকমই হতে পারে। অনেক রাজনৈতিক দল আমাদের সঙ্গে যুক্ত হতে চায়। তাদের ১৪ দলে নেব, নাকি নির্বাচনী জোটে নেব- সেটা সময়সাপেক্ষ ব্যাপার। আমাদের দলের সভাপতি পরিস্থিতি বুঝে জোটের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এদিকে আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক নামপ্রকাশ না করার শর্তে জানান, বিএনপি যেভাবে হাঁকডাক দিয়ে রাজপথে নামার চেষ্টা করছে। তার চেয়ে তারা ষড়যন্ত্রে বেশি সক্রিয়। সেটা দেশে হোক আর বিদেশে হোক। আমরাও তাদের ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রস্তুত আছি। বিএনপি নানা জোট নিয়ে যেভাবে লম্ফঝম্প শুরু করেছে- তারা মনে করেছে, সরকার ভয় পেয়ে যাবে। সেটা তাদের ভুল ধারণা। আওয়ামী লীগও প্রস্তুত তাদের শক্তহাতে মোকাবিলা করতে। অনেক রাজনৈতিক দল আমাদের সঙ্গে আসতে চায়। তাদের সবাই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের। তিনি বলেন, আওয়ামী লীগ চাইলে অনেক বড় জোট করতে পারে। সেটা পরিস্থিতির ওপরই নির্ভর করবে। এরই মধ্যে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে গণভবনে ডেকে আমাদের নেত্রী সে রকম একটা মেসেজ দিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে এটা বড় একটা বার্তা। মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা সময়ের ব্যাপার মাত্র।