গুলশানে আগুন: আরও একজনের মৃত্যু

আগুন লাগার সময় তিনি ১২তলা থেকে লাফ দিয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হলো।
জানা যায়, ১২ তলা থেকে লাফ দেয়ার পর গতকাল রাত ১০টার দিকে তাকে ঘটনাস্থলের কাছেই একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি মারা যান।
হাসপাতালের ব্যবস্থাপক মোস্তাকিম বাদশা জানিয়েছেন, তার পরিবার ভোর পৌনে চারটার দিকে রাজুর লাশ নিয়ে গেছে।
এদিকে আজ সোমবার সকাল থেকে বহুতল ওই ভবনে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বলছেন, ওই ভবনে ২৬ ফ্ল্যাটে ২৩ পরিবার বসবাস করতেন। সেখানে খোঁজ করে আর কোনো মরদেহ পাওয়া যায়নি।
গতকাল রবিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই ভবনে আগুন লাগে। অগ্নিনির্বাপকবাহিনীর ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

