শহীদ মিনারে মহানগর বিএনপির হট্টগোল

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক মানিক জানান, ১২ টা বাজার আগ থেকেই তিনি শহীদ মিনারের পাশে এক কোনায় ফুল দিতে আসা সংগঠনগুলোর নাম পর্যায়ক্রমে বলছিলেন।
রাজশাহী কলেজ কর্তৃপক্ষ শুরুতে বেদীতে ফুল দেয়, এরপর মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা, এরপর দিনের আলো হিজড়া সংগঠন। তখনও পেছনে অপেক্ষা করছিলো মহানগর বিএনপি। যারা এসেছিলো তারা সকলেই কাগজে সংগঠনের নাম লিখে ঘোষকের হাতে দিচ্ছিলেন।
এসময় বিএনপি নেতারা যখন নাম লিখছিলেন তখন তা ঘোষণার পূর্বেই মহানগর বিএনপি নেতা রানা জানতে চান কেনো বিএনপি চেয়ারপারসেনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নাম ঘোষণা করা হচ্ছে না? এ নিয়ে উত্তেজিত হয়ে পড়লে সেখানে থাকা মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা তা প্রশমনের চেষ্টা করেন। এক পর্যায়ে বাক বিতন্ডা থেকে শুরু হয় হাতাহাতি। পরে বিএনপি নেতারা ও পুলিশ এসে তা নিবৃত করেন। এ ঘটনায় কেউ আহত হননি।
তবে শহীদ মিনারে ফুল দিতে এসে এহেন কর্মকাণ্ড করায় রাত থেকেই সমালোচনার মুখে পড়েন বিএনপি নেতারা। পরে অবশ্য মিজানুর রহমান মিনুসহ সিনিয়র নেতারা ঘোষণা মঞ্চের কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন।

