সংসদ ও অন্যান্য নির্বাচনে ৩৯৫৪ কোটি টাকা চায় ইসি

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের সঙ্গে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে ইসির পক্ষ থেকে এই অঙ্কের অর্থ চাওয়া হয়েছে। তবে ইসির বাজেট প্রস্তাবটি আরও কাটছাঁট করতে বলা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আগামী এক বছরে সংসদ নির্বাচন, সিটি নির্বাচনসহ স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচন রয়েছে। এসব নির্বাচনের জন্য আগামী অর্থবছরের বাজেট বরাদ্দের ক্ষেত্রে তিন হাজার ৯৫৪ কোটি ৪০ লাখ পাঁচ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
ত্রিপক্ষীয় ওই বৈঠকে প্রস্তাবটি আরও পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে। একইসঙ্গে খাতভিত্তিক সুনির্দিষ্ট আকারে প্রস্তাবের জন্য বলেছে অর্থ মন্ত্রণালয়।
অশোক কুমার দেবনাথ বলেন, এই বাজেট প্রস্তাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেরামতের জন্যও বরাদ্দ চাওয়া হয়েছে। এ জন্যই বাজেট প্রস্তাবের আকার বড় হয়েছে। যেহেতু তারা বিষয়টি আরো পরীক্ষা করার জন্য বলেছে, সেজন্য কমিশন বৈঠকে আলোচনার পর এটি ফের অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এছাড়া, আকার ছোট করা যায় কিনা, সেটিও দেখা হবে। এ বিষয়ে ইসির বাজেট শাখা বৈঠক করবে বলে জানান তিনি।

