নোয়াখালীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল

শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে নোয়াখালী পৌর আওয়ামী লীগের আয়োজনে জেলা শহর মাইজদীর আবদুল মালেক উকিল প্রধান সড়কে প্রতিবাদ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিলে ব্যানার প্রদর্শন করে অংশ নেয় জেলা যুবলীগ।
শান্তি সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিথুন ভট্টের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, জেলা যুব লীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব।
এরআগে প্রতিবাদ মিছিলে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহানসহ জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ওলামা লীগের নেতাকর্মীরা অংশগ্রহন করে।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির এই কর্মসূচি আসলে পদযাত্রা নয়, তারা পদযাত্রা করে বিশৃঙ্খলা করার অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ রাজপথের দল, আমাদের আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু, নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে বিএনপির অপরাজনীতি মোকাবেলা করবো। আমরা বিএনপির পদযাত্রার নামে সারাদেশে বিশৃঙ্খলার প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দিয়ে আমাদের কাছে পাঠান, আমরা নৌকা প্রতীকের পক্ষে কাজ করবো এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনব। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

