চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ নোয়াখালী রেডক্রিসেন্ট ইউনিট

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রোববার রাজধানীর রেডিসান ব্লু হোটেলে ৬৪ জেলার পরিষদ চেয়ারম্যান ও পুরাতন ৪ সিটি কর্পোরেশনের মেয়র এবং সকল জেলার রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারীদের ওরিয়েন্টেশন সভায় নোয়াখালী রেডক্রিসেন্ট ইউনিটকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) আবদুল ওহাব, ভাইস চেয়ারম্যান নুরের রহমান, ট্রেজারার আবদুস সালাম, সেক্রেটারী জেনারেল কাজী শফীকুল আজম প্রমূখ।
এসভায় নোয়াখালী রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু এবং কেন্দ্রীয় রেডক্রিসেন্টের ম্যানেজিং বোর্ড মেম্বার ও নোয়াখালী জেলা ইউনিটের সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন এ পুরস্কার গ্রহণ করেন।
কেন্দ্রীয় রেডক্রিসেন্টের ম্যানেজিং বোর্ড মেম্বার এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, কোন হিংসা ও বিদ্বেষ নয়, মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিট। রেডক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের প্রত্যেক সদস্য সব সময়-সবার আগে মানবতার পাশে দাড়িয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।

