পুলিশের সঙ্গে ইমরানের সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার (৮ মার্চ) পিটিআই নেতাকর্মীরা জমায়েত হওয়ায় সক্রিয় হয় পুলিশ। দিনভর দফায় দফায় সংঘর্ষ চলে। ইমরান সমর্থকদের ইট-পাথরের জবাবে পুলিশ লাঠি, জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। খবর দ্যা ডনের।
পিটিআই নেতাকর্মীরা দাবি করছেন, পুলিশের হামলায় লাহোরে তাদের এক কর্মী প্রাণ হারিয়েছেন।
পিটিআইয়ের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পনা মাফিক হামলা চালিয়েছে পুলিশ। প্রসঙ্গত, তোষাখানা মামলায় (প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া বিদেশি উপহার আইন ভেঙে নিজের কাছে রাখা এবং বিক্রি করা) অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করতে দু’দিন আগেই লাহোরের জামান পার্কে তার বাড়িতে গিয়েছিল পুলিশ।
কিন্তু সাবেক ক্রিকেট অধিনায়কের দেখা না পেয়ে ফিরে আসে। সে সময় থেকেই তার ঘরের সামনে লাগাতার অবস্থান করছেন পিটিআই নেতাকর্মীরা।
বুধবার অজ্ঞাতবাসে থাকাকালীনই পঞ্জাবের রাজধানী শহরে সমাবেশের ডাক দিয়েছিলেন ইমরান। তোষাখানা মামলার ঘটনায় পাক নির্বাচন কমিশন ৫ বছরের জন্য যে কোনও নির্বাচনে ইমরানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে। তারই প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি। মঙ্গলবার লাহোর পুলিশ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। শহর জুড়ে জারি করা হয় ১৪৪ ধারা। পিটিআই সমর্থকেরা তা অমান্য করাতেই বাধে অশান্তি।

