নারায়ণগঞ্জের বিস্ফোরণে দগ্ধ কুলসুম আর নেই

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন। তিনি বলেন, আজ সকালে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় আসা কুলসুম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার নবজাতক সন্তানকেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জানা যায়, নারায়ণগঞ্জের বিস্ফোরণে দগ্ধ কুলসুম বেগমের শরীরের ৩০% দগ্ধ ছিল এবং তার তিন বছরের ছেলে খালিদের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছিল। মা কুলসুম বেগমকে সিজারের পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
কুলসুমের স্বামী আব্দুল্লাহ আল মাসুদ জানান, ১২ মার্চ সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা মাসদাইর এলাকায় ১০ তলা বাড়িটির ৬ তলায় বিস্ফোরণের এ ঘটনাটি ঘটে। ঘটনার সময় আমি তখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের দুজনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। আমার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ সকালে আমার স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সিজারে আমার একটি ছেলে সন্তান হয়েছে।

