বেফাকের প্রধান প্রশিক্ষক আল্লামা শিব্বির আহমদের ইন্তেকাল

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১টায় নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের দারুল উলুম চরমুটুয়া মাদ্রাসার ময়দানে অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে আল্লামা শিব্বির আহমদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরআগে বুধবার সন্ধ্যা ৬ টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি তিন ছেলে এবং এক মেয়ের জনক ছিলেন।
জানা গেছে, আল্লামা শিব্বির আহমদ ডায়াবেটিস, হাই প্রেসার ও লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। গত তিন দিন আগে তার সহধর্মিনী মারা যায়। তিনি শারীরিক অসুস্থতা নিয়েই হাসপাতাল থেকে নোয়াখালীতে এসে স্ত্রীর জানাযা পড়েন। এরপর আবার ফিরে যান হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল্লামা শিব্বির আহমদ।
আল্লামা শিব্বির আহমদ দেশের লাখো আলেমের ওস্তাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় উপদেষ্টা ও নোয়াখালী জেলা সভাপতি, বেফাকুল মাদারিস বাংলাদেশের প্রধান প্রশিক্ষক, নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ইসলামিয়া চরমটুয়া মাদ্রাসার শায়খুল হাদিস, সোনাপুর মারকাজুল উলুম মাদ্রাসার মহাপরিচালক ও বাংলাদেশের নাহু-ছরফের ইমাম হিসেবে খ্যাত ছিলেন।
আল্লামা শিব্বির আহমদের জানাজার নামাজে নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থান থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ, আলেম-ওলামাসহ অর্ধলক্ষাধিক মুসল্লি অংশগ্রণ করেন।

