মেসি দোটানায়

ইউরোপিয়ান ফুটবলের দলবদলে যে অনিশ্চয়তা, তাতে মেসির সেই আবেগের কথাটি মোটেই উড়িয়ে দেওয়ার মতো ছিল না। দলবদলের অস্থির জগতে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। মাত্র দুই বছরের মধ্যেই এখন মেসির বার্সায় ফেরার সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে উঠেছে।
সম্পর্কের টানে মেসিও নাকি চান পুরোনো ক্লাবে ফিরতে। তবে মেসির বার্সায় ফেরার পথে সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারে অর্থ। বার্সা যেখানে মেসিকে বেতন কমানো শর্ত জুড়ে দিয়েছে, সেখানে সৌদি ক্লাব আল হিলাল এবং যুক্তরাষ্ট্রের লিগ এমএলএস বড় অঙ্কের অর্থ নিয়ে মাঠে নেমেছে। এখন প্রশ্ন হচ্ছে, মেসি কি পারবেন অর্থের টান ভুলে সম্পর্কের টানে সাড়া দিয়ে বার্সায় ফিরতে?
মৌসুমের শুরু থেকে বার্সার সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ বাড়ার বিষয়টি অনুমেয় ছিল। ধারণা করা হচ্ছিল, পিএসজিতে মেসির অন্তত আরেক মৌসুম থাকা শুধুই সময়ের ব্যাপার। যদিও পরিস্থিতি বদলাতে খুব একটা সময় লাগেনি। চুক্তির নানা বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় একপর্যায়ে অনিশ্চিত হয়ে পড়ে মেসি-পিএসজি চুক্তি।
ফরাসি পত্রিকা লেকিপ জানিয়েছে, মেসির আর্থিক চাহিদা এবং চুক্তির মেয়াদ ঠিকঠাক না হওয়ার কারণে মূলত ঝুলে আছে আর্জেন্টাইন তারকার প্যারিস-ভবিষ্যৎ। দুই পক্ষের এই অনিশ্চয়তার সুযোগ নিয়ে মেসিকে পাওয়ার লড়াইয়ে এখন এগিয়ে এসেছে একাধিক ক্লাব।
ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসরে যাওয়ার পর একই লিগে মেসির যাওয়ার খবরও সামনে আসে। শুরুতে শোনা যায়, মেসিকে পেতে আল হিলাল ৩০ কোটি ডলারের প্রস্তাব নিয়ে আসছে। যদিও পরে এই প্রস্তাবের বিষয়টি সত্য নয় বলে জানা যায়। কিন্তু সম্প্রতি আবারও মেসির সঙ্গে জড়িয়ে সামনে এসেছে আল হিলালের নাম। একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম বলছে, নতুন করে মেসির ব্যাপারে আগ্রহী হয়েছে আল হিলাল। এমনকি তারা নাকি আর্জেন্টাইন মহাতারকাকে দলে নিতে রোনালদোর চেয়ে বেশি বেতন দিতে প্রস্তুত। যদিও অর্থের পরিমাণ কত, সেটি নিশ্চিত হওয়া যায়নি। রোনালদোকে পেতে সৌদি ক্লাবটির খরচ হয়েছিল ২১ কোটি ডলার। মেসিকে পেতে এখন তাঁর চেয়েও নাকি বেশি দিতে চায় আল হিলাল।

