ঢাবিতে চীনা শিক্ষার্থী ভর্তিতে আগ্রহ প্রকাশ চীনের, সহযোগিতার আশ্বাস উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উচ্চশিক্ষায় নিজ শিক্ষার্থী সংখ্যা বাড়াতে আগ্রহী চীন। এ দিকে চীনের আগ্রহে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাবি উপাচার্য কর্যালায়ে সাক্ষাৎকারে আসেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং একই দূতাবাসের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং। এ সময় ঢাবিতে নিজ দেশের শিক্ষার্থী বিষয়টি নিয়ে আলোকপাত করেন চীনা কাউন্সেলর।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে বলেন, ‘বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। শিক্ষা ও গবেষণার মাধ্যমে আগামী দিনগুলোতে উভয় দেশের মধ্যকার এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’
এছাড়া ওই সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা ও সংস্কৃতি বিষয়ক চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ এবং চীনের মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধিদল বিনিময়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এ সময় স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাউসার এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই উপস্থিত ছিলেন।

