যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত অন্তত ৪

দেশটির মধ্যাঞ্চলের বিশাল এলাকাজুড়ে বেশ কয়েকটি প্রবল টর্নেডো বয়ে যায়, ছয়টি অঙ্গরাজ্য থেকে ৪৩টি টর্নেডোর খবর পাওয়া যায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে সে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে, গাছ উপড়ে গেছে এবং গাড়ি উল্টে পড়েছে।
ইলিনয়তে ১৬টি, আরকানসতে ১২টি, আইওয়াতে ৮, উইসকনসিনে ৩, টেনেসিতে ২ এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর উৎপত্তি হয়েছিল বলে জানিয়েছে তারা। এর মধ্যে আরকানসর উইনে একটি টর্নেডো আঘাত হানার পর সেখানে অন্তত দুইজনের মৃত্যু হয় বলে সেইন্ট ফ্রান্সিস কাউন্টির ময়নাতদন্তকারী কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন। এর আগে অঙ্গরাজ্যটির নর্থ লিটল রক থেকে আরও একজনের মৃত্যু সংবাদ পাওয়া যায়।ইলিনয়ের বেলভিডিয়ারে একটি নাট্যশালার ছাদ ধসে আরও একজনের মৃত্যু হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
লিটল রক থেকে শখানেক মাইল দূরের ওয়েইন শহরেও ক্ষয়ক্ষতি হয়েছে। আকাকানসাসের প্রায় ৭০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বর্তমানে প্রায় দুই কোটি ৮০ লাখ মানুষ ঘূর্ণিঝড়ের সতর্কতার মধ্যে রয়েছে। আরাকানসাস ও মিসৌরি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর বিবিসির।
কর্মকর্তারা জানিয়েছেন, লিটল রক এলাকায় টর্নেডোর আঘাতে আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন আর উইনে অনেক মানুষ নিজেদের বাড়িতে আটকা পড়েছেন। ঘূর্ণিঝড়ের ফলে এখন পর্যন্ত আহত ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে মিসিসিপি অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ২৬ জন নিহত হয়। প্রেসিডেন্ট বাইডেন মিসিসিপি পরিদর্শন করেছেন।

